ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে এমন রাত আগে আসেনি। ইংল্যান্ডের কাছে ৭-০ গোলের লজ্জাজনক হারে নিজেদের মাঠেই যেন বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। আর এই হার এতটাই নাড়া দিয়েছে অধিনায়ক লুকা মদরিচকে যে, জাতীয় দলের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে প্রথমবার কোনো ম্যাচ শেষে নিজেকে ‘লজ্জিত’ মনে হওয়ার কথা জানালেন তিনি।
শনিবার রিয়েকায় উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সফরকারীদের হয়ে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুটি করে গোল করেছেন। বাকি তিন গোল করেছেন অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও মরগান রজার্স।
১৯৯১ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ব্যবধানে হার। মদরিচ এদিন শুরু থেকেই মাঠে ছিলেন। তবে ৪১ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলের এলোমেলো পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়েই হতাশ দেখিয়েছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের মদরিচ বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার ২০ বছর হয়ে গেছে। আর এই প্রথম কোনো ম্যাচের পর নিজেকে লজ্জিত মনে হয়েছে।’
মদরিচ আরও বলেছেন, ‘আপনি হারতে পারেন, অথবা এমন কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারেন যারা আপনার চেয়ে ভালো। এই মুহূর্তে তারা সেটাই। কিন্তু যেভাবেই হোক, এভাবে পরাজয় এবং বছরের পর বছর ধরে আমরা যে সুনাম তৈরি করেছি, সেটিকে এভাবে নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি লজ্জিত।’
ইংল্যান্ডের বিপক্ষে এবারের ফল ক্রোয়েশিয়ার জন্য ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতির পুরো বিপরীত। সেবার ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া এবং শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছিল।
সেই বিশ্বকাপে মদরিচের দুর্দান্ত পারফরম্যান্স তাকে ২০১৮ সালের ব্যালন ডি’অর জিততে সাহায্য করেছিল। চার বছর পর কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে তৃতীয় স্থানে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ইংল্যান্ডের কাছে এই ৭-০ গোলের হার ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচের জন্যও আরেকটি কঠিন রাত হয়ে থাকলো। এর আগে মঙ্গলবার স্পেনের কাছে ৪-১ গোলে হেরেছিল তার দল। তিন ম্যাচে এখন ক্রোয়েশিয়ার জালে ঢুকেছে মোট ১২ গোল!