হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি

আন্তর্জাতিক বিরতি শেষ হলেই সামনে লিভারপুলের মতো কঠিন প্রতিপক্ষ। তার আগে নরওয়ের হয়ে খেলতে গিয়ে মাঠ ছাড়তে হলো আর্লিং হাল্যান্ডকে। পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ৬৭ মিনিটে উঠে যাওয়ায় এখন তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি। চোট কতটা গুরুতর, সেটি এখনও পরিষ্কার নয়।

রবিবার পর্তুগালের বিপক্ষে নরওয়ের নেশন্স লিগের ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন হাল্যান্ড। কিন্তু ৬৭ মিনিটে হঠাৎই বেঞ্চের দিকে ইঙ্গিত করে জানান, চোট পেয়েছেন তিনি । এরপর তাকে তুলে নিয়ে ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেনকে মাঠে নামায় নরওয়ে।

হাল্যান্ডের চোটের ধরন বা মাত্রা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ম্যানচেস্টার সিটি চাইবে যত দ্রুত সম্ভব তাকে ইংল্যান্ডে ফিরিয়ে এনে চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করাতে।

সিটির জন্য সময়টাও খুব একটা স্বস্তির নয়। আন্তর্জাতিক বিরতি শেষে প্রিমিয়ার লিগে ফিরেই লিভারপুলের বিপক্ষে বড় ম্যাচ খেলতে হবে তাদের। তাই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে ওই ম্যাচে পাওয়া যাবে কি না, সেটিই এখন সিটির বড় দুশ্চিন্তা।

পোর্তোয় ম্যাচের ৬৭ মিনিটে হাল্যান্ড মাঠ ছাড়ার সময় স্কোর ছিল ১-১। এর আগে ৩৬ মিনিটে ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার ক্রিস্টোফার আইয়ের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় নরওয়ে। তবে মাত্র দুই মিনিট পরেই জোয়াও কানসেলোর গোলে সমতায় ফেরে পর্তুগাল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর হাল্যান্ডকে তুলে নেওয়া হয়। এরপর নরওয়ের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ৭৯ মিনিটে গনসালো রামোস গোল করে পর্তুগালের ২-১ গোলের জয় নিশ্চিত করেন।

ফলে ম্যাচের ফলের চেয়েও এখন ম্যানসিটির কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে হাল্যান্ডের চোট। আন্তর্জাতিক বিরতি শেষে গুরুত্বপূর্ণ প্রিমিয়ার লিগ ম্যাচে নরওয়ের এই তারকাকে পাওয়া যাবে কি না, তা জানতে এখন তার মেডিক্যাল পরীক্ষার ফলের অপেক্ষায় থাকতে হবে সিটিকে।