আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানালেন লিওনেল মেসি। ফুটবলের এই মহাতারকার বিদায়ের ক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা ও কৃতজ্ঞতায় সিক্ত বার্তা পাঠিয়েছেন তার সাবেক সতীর্থ ও সময়ের অন্যতম সেরা ফুটবল তারকারা।
বার্সেলোনা ও পিএসজিতে মেসির সঙ্গে দীর্ঘদিন খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার ২০২১ কোপা আমেরিকার ফাইনালের তিনটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে তারা বছরের পর বছর তোমার খেলা উপভোগ করেছে... আজ জাতীয় দলের হয়ে, নিজের দেশের জার্সিতে তোমার শেষ ম্যাচ। আশা করি, তুমি এর প্রতিটি সেকেন্ড উপভোগ করবে এবং আজকের সব সম্মাননা তোমাকে আনন্দিত করবে।’
নেইমার আরও বলেন, ‘ফুটবলের জন্য তুমি যা করেছো তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বই তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। এর চেয়েও বেশি ছিল তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারা। ধন্যবাদ লিও মেসি।’
গত বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ফরোয়ার্ড তার বার্তাটি ‘সবসময়ের সেরা খেলোয়াড়’-এর প্রতীক দিয়ে শেষ করেন।
এদিকে বার্সেলোনার জার্সিতে মেসির অভিষেকের সময়ের স্মৃতিচারণ করে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনিয়ো লিখেছেন, ‘প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারাটা কী যে এক আনন্দ আর মজার ছিল, ভাই! তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছো এবং ফুটবলকে এতটা উপভোগ করার সুযোগ করে দিয়েছো! তোমার নাম তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে…।’
পরিবার ও জীবনের নতুন অধ্যায়কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘জীবনটাকে উপভোগ করো, ভাই। আজ এবং সবসময় তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’
বার্সেলোনার পর ইন্টার মায়ামিতেও মেসির ঘনিষ্ঠ সতীর্থ হিসেবে থাকা উরুগুয়ের লুইস সুয়ারেস ভিডিও বার্তায় বলেন, ‘আশা করি, দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ তুমি পুরোপুরি উপভোগ করবে, যে জার্সি তোমার ক্যারিয়ার জুড়ে অনেক বড় অর্থ বহন করেছে। দেশের জন্য তুমি যা কিছু অর্জন করেছো এবং নিজের দেশকে যেভাবে তুলে ধরেছো, তার জন্য অন্য যে কারও চেয়ে তুমি সবচেয়ে বেশি সম্মাননা পাওয়ার ও উদযাপনের যোগ্য।’
চিলির তারকা আর্তুরো ভিদাল আর্জেন্টিনা ও চিলির ম্যাচের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আজ তুমি নিজের দেশের হয়ে তোমার শেষ ম্যাচটি খেলছ আমার বন্ধু, তোমার জন্য সবসময় আমার শুভকামনা রইলো। ইতিহাসের সেরা ভিনগ্রহের মানুষ।’
এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে বিদায়ী বার্তা জানিয়েছেন গ্যারি মেদেল। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, রেসিং ক্লাব, রিভার প্লেট এবং নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকেও সর্বকালের সেরা এই ফুটবলারকে বিশেষ সম্মান ও শুভকামনা জানানো হয়েছে।