আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি

আবেগঘন বিদায়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানো এই মহাতারকার সামনে এখন ক্লাব ফুটবলে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ২০২৬ সালের বাকি সময়ে ইন্টার মায়ামির হয়ে তিনটি লক্ষ্য পূরণে মনোযোগ দিতে পারেন তিনি। 

মেসির প্রথম লক্ষ্য এমএলএস কাপের শিরোপা জয়। এর আগে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পিওনেস কাপ জিতেছে ইন্টার মায়ামি। এবার ঘরোয়া পর্যায়ে আরেকটি বড় শিরোপা জিতে ২০২৬ সাল শেষ করতে চায় দলটি।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিলি গঞ্জালেসের দল। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। বুয়েনস এইরেস থেকে মায়ামিতে ফিরে মেসি আবারও দলের অনুশীলনে যোগ দিয়েছেন। আগামী রবিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে তাকে মাঠে নামানোর প্রস্তুতি চলছে।

শিরোপার লক্ষ্যের পাশাপাশি মেসির নজর গোল্ডেন বুটেও রয়েছে। বর্তমানে ২১ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা তিনি। তার চেয়ে তিন গোল কম নিয়ে পেছনে আছেন ডিসি ইউনাইটেডের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা। নিয়মিত মৌসুমে এখনও সাতটি ম্যাচ বাকি। এই সময়ের মধ্যে গোলের ব্যবধান ধরে রেখে ব্যক্তিগত পুরস্কারটি নিজের করে নিতে চাইবেন রোজারিওর এই তারকা।

মেসির তৃতীয় লক্ষ্য এমএলএসে আরও একটি ইতিহাস গড়া। টানা দুই বছর লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর এবারও এমভিপি হলে টানা তিনবার এই স্বীকৃতি পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনি।