নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে অনলাইনে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সংস্থাটি নিশ্চিত করেছে, টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাড়ানোর কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পায়নি। ফলে পূর্বঘোষিত ৬ দল নিয়েই নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভারত এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করতে পারে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে সাফ।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভারতের অংশগ্রহণ নিয়ে প্রচারিত প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছ থেকে ভারতের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কোনো বার্তা পায়নি তারা। তাই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণের বিষয়টি বহাল রয়েছে।
সাফ আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। সংশ্লিষ্ট সব পক্ষ সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ করছে।
সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশন, অংশীদার, গণমাধ্যমকর্মী, সমর্থক ও সংশ্লিষ্ট সবার প্রতি আশ্বস্ত করে সাফ বলেছে, পূর্বঘোষিত ছয় দল নিয়েই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে সঠিক তথ্যের জন্য সাফের আনুষ্ঠানিক বিবৃতির ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যাচাই না করা কোনো খবরকে গুরুত্ব না দিতেও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের মিডিয়াগুলোতে বলা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় দল। একটি ম্যাচ ১২ নভেম্বর অকল্যান্ডে এবং তিন দিন পর ক্রাইস্টচার্চে পরবর্তী ম্যাচ।
এই সূচির কারণেই সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সম্ভাবনাও বিবেচনা করেছিল এআইএফএফ। কিন্তু সেই পরিকল্পনাও বাধার মুখে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচটি ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে পড়েছে। মৌসুম চলাকালে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে অনাগ্রহী। ফলে দল গঠন নিয়েও জটিলতা তৈরি হয়েছে।