বর্ণবাদী আচরণে অতিষ্ঠ ভিনিসিয়ুস, রিয়াল ছাড়ার পরামর্শ মরিনহোর 

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাঠে প্রতিপক্ষ সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হওয়া থেকে শুরু করে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন কোচ হোসে মরিনহো। তার সরাসরি মন্তব্য, ভিনিসিয়ুসের জায়গায় তিনি থাকলে গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে চলে যেতেন।

গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার ঘটনায় লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। পরে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই প্রতিপক্ষের সমর্থকদের লক্ষ্যবস্তু হয়েছেন ভিনিসিয়ুস। একাধিকবার বর্ণবাদী গালাগালির শিকার হয়েছেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেও মাঠে ও মাঠের বাইরে নিজের স্বাভাবিক জীবন ধরে রাখার জন্য ব্রাজিলিয়ান তারকার প্রশংসা করেছেন মরিনহো।

সাংবাদিকদের মরিনহো বলেছেন, ‘সে অসাধারণ একজন তরুণ। তার সঙ্গে সহজেই ভালো সম্পর্ক গড়ে তোলা যায়। দারুণ একজন ছেলে। এত কিছুর মধ্যেও সে যেভাবে জীবন চালিয়ে যাচ্ছে, টিকে থাকছে এবং হাসিমুখে থাকছে, তার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে।’

ভিনিসিয়ুসের জায়গায় থাকলে কী করতেন, সেই প্রশ্নের উত্তরে মরিনহো বলেছেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম, সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই আমি চলে যাওয়ার ব্যবস্থা করতাম। এমন কোনো লিগে, দেশে কিংবা জায়গায়, যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব ও তাদের স্টেডিয়ামগুলো তাকে সম্মান করে।’

ভিনিসিয়ুস অবশ্য রিয়াল ছাড়ার বদলে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়িয়েছেন। আক্রমণভাগে ভিনিসিয়ুস, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের মতো তারকাকে একসঙ্গে খেলিয়েও দলের ভারসাম্য ধরে রাখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মরিনহোর মতে, রিয়াল মাদ্রিদ ও শহরটির প্রতি ভালোবাসাই ভিনিসিয়ুসকে ক্লাবে থাকতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদকে ভালোবাসে বলেই, ক্লাব ও শহরটির প্রতি টান আছে বলেই এবং সবকিছু আরও ভালো হতে পারে, এমন বিশ্বাস থেকেই সে চুক্তি নবায়ন করেছে। সে এখনো হাসিমুখে আছে।’

বুধবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসকে তুলে নিয়েছিলেন মরিনহো। ৪-৩ গোলের জয়ের ওই ম্যাচেও ব্রাজিলিয়ান তারকা এখনো নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি। কার্লো আনচেলত্তির অধীনে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিনিসিয়ুসের কাছ থেকে এখনো সেই পারফরম্যান্সের প্রত্যাশা করছে রিয়াল।

চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়েও মন্তব্য করেছেন মরিনহো। সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটির আড়ালে থাকা কিছু ব্যক্তি ভিনিসিয়ুসের শাস্তি আরও এক বা দুই ম্যাচ বাড়িয়ে দিতে পারেন বলে তার ধারণা ছিল।

রবিবার রাতে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আর বাড়তে না দেওয়াই তাদের লক্ষ্য।