সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নতুন দুই মুখকে নিয়ে প্রাথমিক দল সাজিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৬ সালের এই প্রতিযোগিতার জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার মোহাম্মদ মাহে খান ও রোনান বেঞ্জামিন সুলিভান। তাদের বাইরে অন্যরা এর আগে বিভিন্ন সময়ে জাতীয় দলের হয়ে খেলেছেন কিংবা লাল-সবুজের দলে জায়গা পেয়েছেন।
নতুনদের মধ্যে রোনান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করেন তিনি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান খেলেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে।
মাহে খানের পথটা ভিন্ন। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই স্ট্রাইকার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহে চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন ৯ গোল। বয়সভিত্তিক দলের অভিজ্ঞতা ও ক্লাবের পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন তিনি।
এদিকে সিটি ক্লাবের মো. ইসহাক আকন্দকেও অনুশীলনের জন্য ডাকা হয়েছে। তবে ক্যাম্পে যোগ দিলেও তিনি ২৮ সদস্যের মূল প্রাথমিক দলের অংশ হিসেবে বিবেচিত হবেন না।
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, জিদান ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রাইহান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান।
শুধু অনুশীলনের জন্য: মো. ইসহাক আকন্দ (সিটি ক্লাব), মোহাম্মদ আসিফ।