মোহামেডান-কিংসের গোল উৎসব

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারায় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে সাদা-কালোরা। দিনের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। তবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। পিডাব্লিউডিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। আরামবাগকে ৪-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ক্লাব।

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে গোল পেতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। সুলেমান দিয়াবাতের পাস থেকে জাল খুঁজে নেন শাহরিয়ার ইমন। ওই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় সাদা-কালোরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি মোহামেডানকে। ৫২ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। চার মিনিট পর তৃতীয় গোলটি করেন মুজাফফরভ। ৮৬ মিনিটে আরিফ হোসেনের গোলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের।

চার ম্যাচের সব কটিতে জিতে মোহামেডানের পয়েন্ট এখন ১২। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ পুলিশ এফসি। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আজ পিডাব্লিউডিকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা দলটির ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহামেডান।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। ১৩ মিনিটে সোনাম আশিসের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। তবে ২৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের পাস থেকে রবসন রবিনহো গোল করে সমতা ফেরান। চার মিনিট পর হৃদয়ের সহায়তায় গোল করে কিংসকে এগিয়ে দেন কাইকে।

বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় কিংস। ৫০ মিনিটে হৃদয়ের পাস থেকে গোল করেন রাকিব হোসেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন কাইকে। শেষ দিকে পেনাল্টি থেকে চট্টগ্রামের হয়ে ব্যবধান কমান জাফর ইকবাল। তাতে অবশ্য হার এড়াতে পারেনি চট্টগ্রাম। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা কিংস।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছে সিটি ক্লাব। দলের হয়ে জোড়া গোল করেছেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি।