‘তুচ্ছ কারণে’ লাল কার্ড দেখলেন নেইমার, সমালোচনার ঝড়

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের শনিবারের রাতটি ছিল অবিশ্বাস্য রকমের ঘটনাবহুল। বাহিয়ার কাছে ১-০ গোলে পিছিয়ে থাকা সান্তোসের ম্যাচে বিরতির পরও প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরকে উদ্দেশ করে কটূক্তি করতে থাকেন নেইমার। পরে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় তাকে লাল কার্ড দেখানো হয়।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিরতির পর খেলা পুনরায় শুরুর আগে নেইমার ও নেস্তরের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। বাহিয়ার এই মিডফিল্ডারকে বারবার উদ্দেশ করে কথা বলছিলেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী তারকা। একপর্যায়ে নেস্তরের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলতে দেখা যায় নেইমারকে।

সাও পাওলোর সাবেক খেলোয়াড় নেস্তর বিষয়টি রেফারিকে জানান। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করে রেফারিকে বিষয়টি জানালে নেইমারকে লাল কার্ড দেখানো হয়। ‘ভিনি জুনিয়র আইন’ নামে পরিচিত নিয়মের আওতায় তাকে মাঠ ছাড়তে হয়।

কী এই ‘ভিনি জুনিয়র আইন’

২০২৬ ফিফা বিশ্বকাপের পর থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় কোনও খেলোয়াড় মুখ ঢেকে রাখলে তাকে লাল কার্ড দেখানোর বিধান রয়েছে।

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানির কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর এই নিয়ম চালু করা হয়।

দুই ম্যাচে খেলতে পারবেন না নেইমার

প্রথমার্ধেই রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদের জেরে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ফলে ওই ম্যাচে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়ায় তিনে। এর সঙ্গে সরাসরি লাল কার্ড পাওয়ায় দুটি পৃথক শাস্তির মুখে পড়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় হলুদ কার্ডের নিষেধাজ্ঞা এবং সরাসরি লাল কার্ডের শাস্তি মিলিয়ে আগামী দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না সান্তোসের এই তারকা।

মাঠ ছাড়ার সময়ও নেস্তরের সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা করেন নেইমার। পরে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে ক্যামেরার সামনে ওই ঘটনা নিয়ে কথা বলেন তিনি। এ সময় বাহিয়ার এই মিডফিল্ডারের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে আচরণ করার অভিযোগ তোলেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়টি।

নেইমারের লাল কার্ড দেখার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়েছে।