মেজর লিগ সকারে টানা তিন জয়ের পর থামলো ইন্টার মায়ামির জয়যাত্রা। লিওনেল মেসি দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া নিউইয়র্ক রেড বুলস শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে মায়ামিকে হারিয়েছে।
শনিবারের ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন না মেসি। ব্যস্ত ভ্রমণসূচির কারণে তাকে বেঞ্চে রেখেছিলেন মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস। বৃহস্পতিবার স্পেনের ওভিয়েদোয় গিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। পরদিন প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস গ্রহণ করেন তিনি।
ম্যাচ শেষে গঞ্জালেস বলেন, মেসিকে শুরুতে না খেলানোর সিদ্ধান্তটি আগে থেকেই নেওয়া হয়েছিল। তার ভাষায়, ‘এটা আগে থেকেই ঠিক করা ছিল। অবশ্যই, সে দীর্ঘ ভ্রমণ করেছে। সময়ের পার্থক্য, তাপমাত্রার পরিবর্তনসহ নানা বিষয় ছিল। আমরা এসব সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাই হবে তার জন্য সবচেয়ে ভালো উপায়। বিশেষ করে, যাতে কোনো চোটে না পড়ে, কারণ বুধবার আমাদের আরেকটি ম্যাচ আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল, তাকে বিশ্রাম দিয়ে আজ কিছু সময়ের জন্য মাঠে নামানো। বরাবরের মতোই সে ভালো খেলেছে।’
ম্যাচের সপ্তম মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। যুক্তরাষ্ট্রের তরুণ স্ট্রাইকার জুলিয়ান হলের চাপে ক্যাড কাউয়েলের ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ক্যাসেমিরো।
মেসি মাঠে নামেন ৫৬ মিনিটে। এ মৌসুমে মেজর লিগ সকারে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন তারকার উপস্থিতিতে মায়ামির আক্রমণে গতি বাড়ে। নিউ জার্সির হ্যারিসনে গ্যালারিতে থাকা দর্শকদেরও মুগ্ধ করেন নিজের চেনা কিছু মুহূর্তে।
মেসির রক্ষণচেরা একটি পাস থেকেই সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ পায় মায়ামি। তবে তেলাসকো সেগোভিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। সেই সুযোগে ম্যাচের শেষ দিকে ক্যামেরন হারপারের পাস থেকে সহজ ফিনিশে নিউইয়র্কের ব্যবধান দ্বিগুণ করেন এমিল ফর্সবার্গ। তাতেই মায়ামির ফেরার আশা শেষ হয়ে যায়।
হারলেও সপ্তাহান্তের বাকি ম্যাচগুলোর আগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে মায়ামি। দিনের শুরুতেই সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করা ন্যাশভিলের চেয়ে তারা পিছিয়ে ১৫ পয়েন্টে। আগামী বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে নিজেদের মাঠে খেলবে মায়ামি।