প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের

শুরুটা ছিল স্বপ্নের মতো। ম্যাচের প্রথম মিনিটেই পর্তুগালের জালে বল পাঠিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজেদের ভুলে শেষ পর্যন্ত পর্তুগালের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে দারুণ সূচনা পেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদ। তবে বাংলাদেশের সেই লিড বেশিক্ষণ টেকেনি। সপ্তম মিনিটে ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল পেয়ে সমতায় ফেরে পর্তুগাল।

১২ মিনিটে মিডফিল্ডার রুবেন কুইরোজের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। শুরুতে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের ব্যবধান কমাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। তাতেই ম্যাচে ফেরার আশা কার্যত শেষ হয়ে যায়।

দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। অন্যদিকে, একটি ড্র ও একটি হারে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপের পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।