শেষ ১০ মিনিটে ৩ গোল, হার এড়ালো মেসির মায়ামি

প্রথম ৬০ মিনিটে কোনও দল গোল করতে পারেনি। শেষ ৩০ মিনিটে জাল কাঁপলো চারবার! এর মধ্যে শেষ ১০ মিনিটেই তিনবার জাল স্পর্শ করেছে। রোমাঞ্চকর এক ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এফসি সিনসিনাটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

গত ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। এবার ছিলেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচের মতো এবারও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা। জয়ও অধরা থাকল মায়ামির।

ম্যাচের প্রথম ঘণ্টায় দুই দলই গোলের দেখা পায়নি। ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাটি। ছয় মিনিট পরই স্যামুয়েল গিডির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তাতে হার দেখার শঙ্কায় পড়ে মায়ামি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সেই শঙ্কা দূর করেন রিকুয়েলমে ফিলিপ্পি। বক্সের বাঁ প্রান্ত থেকে দূরের পোস্ট লক্ষ্য করে বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। অনেকটা একই জায়গা থেকে গোল করেছিলেন সুয়ারেজও। মেজর লিগ সকারে নিজের প্রথম গোল করেই দলকে হার থেকে বাঁচালেন ফিলিপ্পি।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা মায়ামির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে নিউ ইংল্যান্ড রেভোলিউশন। দ্বিতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট ৫৮। দুই দলেরই হাতে রয়েছে আরও দুটি করে ম্যাচ।

পরের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের মাঠে খেলতে যাবে মেসির মায়ামি।