ঢাকা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া ট্রিবিউনের ছাদের অংশ, স্কাই লাউঞ্জ, ব্যবহারের জন্য ক্রীড়া সাংবাদিকদের অনুকূলে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। এর আগে জায়গাটি টিকিটের মাধ্যমে বিক্রি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া ট্রিবিউনের ফ্রি লাউঞ্জ বা ছাদের অংশ ব্যবহারের জন্য ক্রীড়া সাংবাদিকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি ক্রীড়া সাংবাদিকদের পাশাপাশি বাফুফে ও সংশ্লিষ্ট সব পক্ষকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিডিয়া ট্রিবিউনের ওপরে ছাদের অংশে ক্রীড়া সাংবাদিকরা বসে দায়িত্ব পালন করবেন। এখন থেকে কেউ আর ওটা টিকিট আকারে বিক্রি করতে পারবে না।’