শেষ এন্ডে নিখুঁত তিনটি শট, প্রতিটিতেই ১০ পয়েন্ট! তাতেই জমজমাট ফাইনালে কাজাখস্তানের আর্চারকে হারিয়ে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের বন্যা আক্তার। ইরাকের সুলায়মানিয়াহতে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে এই কৃতিত্ব গড়েছেন তিনি।
ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫–১৪৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন বন্যা। শুরু থেকেই দুই আর্চারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম এন্ডে দুজনই অর্জন করেন ২৮ পয়েন্ট করে। দ্বিতীয় এন্ডে ২৯ পয়েন্ট তুলে নিয়ে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান বাংলাদেশের আর্চার।
তৃতীয় এন্ডেও সেই ব্যবধান ধরে রাখেন বন্যা। চতুর্থ এন্ডে দুজনই ২৯ পয়েন্ট করে পাওয়ায় ব্যবধান আর বাড়েনি। চার এন্ড শেষে বর্ণার সংগ্রহ ছিল ১১৫ পয়েন্ট, আর মিলানার ১১৪।
ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় শেষ এন্ডে। সেখানে চাপের মুখেও অবিশ্বাস্য নিখুঁত ছিলেন বন্যা। তিনটি শটেই ১০ পয়েন্ট করে তুলে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেন তিনি। অন্যদিকে, শেষ এন্ডে মিলানার সংগ্রহ ২৯ পয়েন্ট। তাতে ১৪৫–১৪৩ পয়েন্টের জয় নিয়ে স্বর্ণপদক জিতে নেন বাংলাদেশের এই আর্চার।
এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশ আরও একটি স্বর্ণ, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।