ব্যালন ডি’অরের ফল নিয়ে বাজি, ১ লাখ ৮০ হাজার ইউরো লাভ!

ব্যালন ডি’অরের ফল নিয়ে বাজি ধরে বিশাল অঙ্কের মুনাফায় ফল ফাঁসের সন্দেহ তৈরি হয়েছে। সেরা পাঁচে থাকা ফুটবলারদের চূড়ান্ত র‌্যাঙ্কিং অনুষ্ঠান শুরুর আগেই বাজি ধরে প্রায় ১ লাখ ৮০ হাজার ইউরো মুনাফা করেছে কয়েকটি অ্যাকাউন্ট। এমন ঘটনায় ফল ফাঁসের সন্দেহে তদন্তে নেমেছে ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ফরাসি সাময়িকীটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম পলিমার্কেটে ১২টি অ্যাকাউন্ট থেকে এসব বাজি ধরা হয়েছিল। গত সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সেরা পাঁচের চূড়ান্ত অবস্থান নিয়ে মোট ২ লাখ ৬৪ হাজার ডলারের বেশি (প্রায় ২ লাখ ৩৬ হাজার ইউরো) বাজি ধরা হয়। সেসব বাজি থেকে মুনাফা হয়েছে আনুমানিক ১ লাখ ৮০ হাজার ইউরো। সেরা পাঁচের সঠিক র‌্যাঙ্কিং হুবহু মিলে যাওয়ায় ফলাফল গোপন রাখা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন। দ্বিতীয় হন কিলিয়ান এমবাপ্পে, তৃতীয় লামিনে ইয়ামাল, চতুর্থ রদ্রি এবং পঞ্চম লিওনেল মেসি। বিস্ময়করভাবে, পলিমার্কেটের সন্দেহভাজন অ্যাকাউন্টগুলোও আগেই এই একই র‌্যাঙ্কিংয়ের পূর্বাভাস দিয়েছিল।

ফরাসি সংবাদমাধ্যম আপসাইডের অনুসন্ধানে উঠে আসে অ্যাকাউন্টগুলোর বিষয়টি। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা রাফায়েল পুতার্ডের ভাষ্য অনুযায়ী, ১ থেকে ২০ অক্টোবরের মধ্যে তৈরি হওয়া ১২টি অ্যাকাউন্ট শনাক্ত করেছে তাদের দল। অ্যাকাউন্টগুলোর বাজি ধরার ধরনে উল্লেখযোগ্য মিল ছিল। এ কারণে এগুলো একই ব্যক্তি কিংবা একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়।

আপসাইড তাদের অনুসন্ধানের তথ্য ফ্রান্স ফুটবলের কাছে জমা দিয়েছে। ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর আয়োজন করে আসছে সাময়িকীটি।