টেনিস কোর্টে একের পর এক ইতিহাস গড়েছেন রাফায়েল নাদাল। অবসরের পর এবার নতুন এক ইনিংস শুরু হতে যাচ্ছে তার। টেনিসের এই কিংবদন্তিকে নিজেদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি জানিয়েছে, পরিচালনা পর্ষদে নাদালকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল ২০১১ সাল থেকেই রিয়াল মাদ্রিদের সম্মানীয় সদস্য। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘তার মতো ক্রীড়া ও মানবিক মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তিত্ব, যিনি স্পেন ও বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম আদর্শ, আমাদের পরিচালনা পর্ষদের অংশ হতে যাচ্ছেন। এটি রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সব সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই দায়িত্বে থেকে তিনি আমাদের ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ গঠনে অবদান রাখবেন।’
আগামী ২১ নভেম্বর ক্লাবের সাধারণ সভায় নাদালের নিয়োগ অনুমোদনের জন্য ভোট দেবেন রিয়াল মাদ্রিদের সদস্যরা। তাদের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদের দায়িত্ব নিতে পারবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাদাল লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়ায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। এখান থেকে শেখার এবং নিজের সাধ্যমতো অবদান রাখার জন্য মুখিয়ে আছি।’
৪০ বছর বয়সী নাদাল টেনিস ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে মোট ২২টি গ্র্যান্ড স্লাম।
২০২৩ সালে এক সাক্ষাৎকারে নাদাল জানিয়েছিলেন, একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান তিনি। তবে সেই দায়িত্ব পালনের যোগ্যতা তার আছে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন। এ বছর ক্লাবটির সভাপতি নির্বাচন সামনে রেখে প্রার্থী হওয়ার গুঞ্জন উঠলেও তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন স্প্যানিশ এই তারকা।