ঢাকায় পাকিস্তানের সঙ্গে জার্সি বদল, এমনকি জড়িয়ে ধরতেও রাজি ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ১৮:৩২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৩২

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের বৈরিতার কারণে ক্রিকেটে এই লড়াই ঘিরে মাঠের বাইরেও থাকে নানা আলোচনা। তবে ফুটবলে সেই উত্তাপকে আলাদা করে দেখতে চান না ভারতের কোচ নওশাদ মুসা। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তার বার্তা, মাঠে লড়াই হলেও মাঠের বাইরে সৌহার্দ্য বজায় রাখতে আপত্তি নেই। প্রয়োজনে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে জার্সি বদল কিংবা আলিঙ্গনেও রাজি ভারতীয় দল।

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার চাপ নিয়েও ভাবছেন না নওশাদ। তার কাছে শিরোপা ধরে রাখার চেয়ে ভালো ফুটবল খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। যদিও এবার তারুণ্যনির্ভর দল নিয়ে ঢাকায় এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের একটি অংশ নিউজিল্যান্ড সফরে থাকায় পূর্ণ শক্তির দল পাননি তিনি। তবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গড়া দল নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় কোচ।

বুধবার ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নওশাদ মুসা। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত।

দলের প্রস্তুতি নিয়ে ভারতীয় কোচ বলেন, ‘প্রস্তুতির কথা বলতে গেলে, আমরা খুব বেশি সময় পাইনি। কারণ, ভারতে ইন্ডিয়ান সুপার লিগ চলছে। আমি এখানে পূর্ণ শক্তির দল নিয়েও আসতে পারিনি। তবে যে দল নিয়ে এসেছি, তারা তরুণ, প্রতিভাবান ও শক্তিশালী।’

শিরোপা ধরে রাখার চাপ প্রসঙ্গে নওশাদ মুসার বক্তব্য, ‘আমি চাপ নিতে পছন্দ করি। চাই আমার খেলোয়াড়রা নির্ভার হয়ে খেলুক। শিরোপা ধরে রাখা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমার চিন্তা ভালো ফুটবল খেলা। দল ভালো ফুটবল খেললে ফলও আসবে।’

ভারতের দ্বিতীয় সারির দল নিয়ে সাফে আসা এবং নিউজিল্যান্ড সফরকে বেশি গুরুত্ব দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন কোচ। তার মতে, সাফের গুরুত্ব ভারতের কাছে কম নয়। বরং আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ক্লাবের ব্যস্ততার কারণে পূর্ণ শক্তির দল পাওয়া কঠিন হয়েছে।

নওশাদ মুসা বলেন, ‘এটা এমন নয় যে আমরা সাফকে গুরুত্ব দিচ্ছি না। অবশ্যই এই টুর্নামেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল। তা ছাড়া এটি ফিফা উইন্ডো নয়। তাই ক্লাবগুলোও সহজে খেলোয়াড় ছাড়তে চায় না। ইন্ডিয়ান সুপার লিগও চলছে। ৫, ৬ ও ৭ নভেম্বর ১০টি দলের খেলা রয়েছে। ফলে যাদের চেয়েছিলাম, তাদের সবাইকে শুরুতে পাচ্ছি না।’

দলটিকে দ্বিতীয় সারির বলতেও রাজি নন ভারতীয় কোচ। তার দলে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররাও রয়েছেন। স্বল্প প্রস্তুতিতে নিজের খেলার ধরন বুঝতে পারবেন, এমন খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন তিনি।

পাকিস্তানকে নিয়েও সতর্ক ভারত। অতীতে সাফে পাকিস্তানের বিপক্ষে ভারতের বড় জয়ের নজির থাকলেও এবার প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না নওশাদ মুসা। বিশেষ করে ইউরোপের বিভিন্ন লিগে খেলা পাকিস্তানি ফুটবলারদের নিয়ে সতর্ক তিনি।

ভারতীয় কোচ বলেন, ‘আগের পাকিস্তান দল আর এখনকার দল এক নয়। তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলছে। হয়তো চতুর্থ বা পঞ্চম বিভাগের ক্লাবে, কিন্তু বিদেশে খেলার অভিজ্ঞতা তাদের আছে। তাদের শক্তিশালী দল বলতে হবে। তাই এবার আমরা ভিন্ন এক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছি। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে সেই উত্তেজনাকে চাপ হিসেবে দেখছেন না অধিনায়ক নাতান। বরং মাঠে নিজেদের সেরাটা দেওয়ার প্রেরণা হিসেবেই দেখছেন তিনি।

ভারত অধিনায়ক বলেন, ‘আমি কোনো চাপ অনুভব করছি না। বরং নিজেদের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা থাকবে। মাঠে আমরা সবটুকু উজাড় করে দিতে চাই। আশা করি, ভালো ফল নিয়ে ফিরতে পারব।’

ম্যাচের আগে ও পরে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো কিংবা জার্সি বিনিময় নিয়ে প্রশ্ন করা হলে ইতিবাচক উত্তর দিয়েছেন অধিনায়ক। তিনি বলেন, ‘অবশ্যই করব। এটা তেমন বড় কোনো বিষয় নয়।’

কোচ নওশাদ মুসা আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘প্রয়োজন হলে আমরা তাদের জড়িয়ে ধরতেও চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ভারত ম্যাচের আগে পাকিস্তানের অনুশীলন বাতিল, বাংলাদেশের সমর্থন চান অধিনায়ক!
হামজার কাছ থেকে শেখার সুযোগ না পাওয়ায় ভুটান অধিনায়কের আক্ষেপ
হামজাকে নয়, শ্রীলঙ্কার কোচের পছন্দ বাংলাদেশের ফারহান!
সর্বশেষ খবর
সেন্টমার্টিনে আসছে পর্যটক, দ্বীপে ফিরেছে ‘ঈদের আনন্দ’
সেন্টমার্টিনে আসছে পর্যটক, দ্বীপে ফিরেছে ‘ঈদের আনন্দ’
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি