সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছে না বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত একাদশে জায়গা হয়নি আসিয়ান কাপে খেলা অভিজ্ঞ ফুটবলার সোহেল রানা ও শেখ মোরসালিনের। নেই তরুণ স্ট্রাইকার মাহি খানও।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এবারের সাফে শুরু থেকেই পূর্ণ শক্তির দল পাচ্ছে না বেশিরভাগ দেশ। ক্লাবের ব্যস্ততার কারণে বিভিন্ন দলের প্রবাসী ফুটবলারদের কেউ কেউ যোগ দিতে পারেননি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলগুলোর জন্য ২৮ সদস্যের স্কোয়াড নিবন্ধনের সুযোগ রেখেছে আয়োজকরা। তবে প্রতিটি ম্যাচের দিন ২৩ জনের দল চূড়ান্ত করতে হচ্ছে।
ভুটানের বিপক্ষে একাদশে হামজা চৌধুরীর অনুপস্থিতিতে হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্ব সামলাবেন তারিক কাজী। অন্যদিকে রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষকে দেখা যাবে স্ট্রাইকারের ভূমিকায়!
একাদশে গোলপোস্টের নিচে থাকবেন মেহেদী হাসান শ্রাবণ। সেন্টারব্যাকে অধিনায়ক তপু বর্মণের সঙ্গী জিদান ইউসুফ। দুই ফুলব্যাক হিসেবে খেলবেন জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন তারিক কাজী। তার সামনে জামাল ভূঁইয়া ও শমিত সোম। দুই প্রান্ত দিয়ে আক্রমণে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। আর নম্বর নাইন হিসেবে খেলবেন বিশ্বনাথ!
সাফের প্রথম ম্যাচেই কোচ টমাস ডুলির এই কৌশল কতটা কার্যকর হয়, তা জানা যাবে রাতেই।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।