বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ নিয়োগ ও দেখভালের দায়িত্ব মূলত বাফুফের নারী উইংয়ের। অথচ জাতীয় নারী দলের নতুন ফরাসি কোচ নিয়োগের বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে তার আপত্তি আমলে নেওয়া হয়নি। বরং ফরাসি কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে তার বক্তব্যে বাফুফের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার বিষয়টিও সামনে এসেছে।
কিরণের দাবি, সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না। দলের টেকনিক্যাল ডিরেক্টরই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট ছিলেন। মেয়েদের সম্পর্কে তার ভালো ধারণা থাকায় এই দুটি ম্যাচে তাকেই দায়িত্ব দেওয়া যেত বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি প্রীতি ম্যাচের জন্য আমাদের টেকনিক্যাল ডিরেক্টর টিটু ভাই যথেষ্ট ছিলেন। তিনি মেয়েদের সম্পর্কে জানেন ও বোঝেন। এই দুই ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না।’
শুধু কোচ নিয়োগের প্রক্রিয়া নয়, বিদেশি কোচদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কিরণ। তার ভাষ্য, কোচদের জীবনবৃত্তান্ত দেখার পর তাদের সিনিয়র জাতীয় দলের দায়িত্ব পালনের উপযুক্ত মনে হয়নি তার।
কিরণ বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর ও সেক্রেটারি আমাকে তিনজন কোচের সিভি দিয়েছিলেন। সেই সিভি দেখে আমি বলেছিলাম, তারা জুনিয়র পর্যায়ে কোচিং করানোর জন্য যোগ্য, সিনিয়র পর্যায়ে নয়। সেই তিন-চারজনের মধ্যেই দেখলাম একজনকে কোচ করে আনা হয়েছে। এখানে আমার কিছু বলার নেই।’
বাফুফের বর্তমান কমিটি তাবিথ আউয়ালের নেতৃত্বে ২০২৪ সালের ২৬ অক্টোবর নির্বাচিত হয়। নির্বাচনের পর দুই বছর পেরিয়ে গেলেও নারী উইংয়ের কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। চেয়ারম্যান হিসেবে বলতে গেলে একাই দায়িত্ব পালন করছেন মাহফুজা আক্তার কিরণ।
এসব বিষয়ে কিরণ বলেছেন, ‘সবকিছু নিয়ে সভাপতি তাবিথ আউয়াল ভালো বলতে পারবেন।’