বাংলাদেশের বিপক্ষে জিতলে অক্ষয় কুমারের মতো নাচতেও পারি: শ্রীলঙ্কার কোচ

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। দুই দলের লড়াই মানেই মাঠের উত্তেজনার পাশাপাশি নানারকম কথার লড়াই। তবে ফুটবলে সেই প্রতিদ্বন্দ্বিতাকে অন্যভাবে দেখতে চান শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তার মতে, ক্রিকেটের মতো বিদ্বেষ নয়, ফুটবল হওয়া উচিত ভালোবাসা ও পারস্পরিক সম্মানের জায়গা। তাই স্পষ্ট করেই বলেছেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়।’

সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেমিফাইনালে ওঠার সমীকরণে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এই ম্যাচকে সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন শ্রীলঙ্কার কোচ। তার বিশ্বাস, দুই দলের শক্তিমত্তা ও খেলোয়াড়দের সামর্থ্য মিলিয়ে দারুণ একটি লড়াই হবে।

মঙ্গলবার অনুশীলনের ফাঁকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার কোচ বলেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচের পরও বলেছিলাম, আমার বিশ্বাস বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে। স্বাগতিক দল খুব শক্তিশালী। দুই দলেই মানসম্পন্ন খেলোয়াড় আছে। স্থানীয় কিংবা প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়—দুই দলেই ভালো ফুটবলার রয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না আবদুল্লাহ আল মুতাইরি। তার ভাষায়, ‘আজকের টিম মিটিংয়ে খেলোয়াড়দের বলেছি, ফুটবলে একটি নিয়মে আমি বিশ্বাস করি—জিততে হবে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের জিততে হবে অথবা ড্র করতে হবে। তবে আমরা জয়ের জন্যই খেলতে নামবো।’

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় দ্বৈরথের প্রসঙ্গ উঠতেই কোচের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশকে হারালে শ্রীলঙ্কা কি নাগিন ড্যান্সের মতো কোনো উদ্‌যাপন করবে? জবাবে প্রতিপক্ষকে সম্মান করার ওপর জোর দিয়েছেন তিনি।

কোচ বলেন, ‘ম্যাচ শেষ হয় ৯০ মিনিটে। এরপর প্রতিপক্ষের সামনে গিয়ে উদ্‌যাপন করার কোনো প্রয়োজন নেই। জয়-পরাজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো অন্যকে সম্মান করা। ক্রিকেটের কারণে এই অঞ্চলে অনেক সমস্যা তৈরি হয়েছে। কোনও দল জিতলে বিশেষ অঙ্গভঙ্গি করে, একে অন্যকে নিয়ে ঠাট্টা করে। কিন্তু আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। আমরা ভালোবাসা তৈরি করি।’

এরপরই সংবাদ সম্মেলনের পরিবেশ কিছুটা হালকা করে দিয়ে যোগ করেন, ‘আগামীকাল যদি আমরা জিতি, তাহলে আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সাবধান!’

বাংলাদেশের তিন কোচ অস্কার ব্রুজন, হাভিয়ের কাবরেরা ও বর্তমান কোচ টমাস ডুলির অধীনে দলটির খেলার ধরন কেমন দেখেছেন, এমন প্রশ্নেও দীর্ঘ উত্তর দিয়েছেন শ্রীলঙ্কার কোচ। তবে তার কথায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের প্রতি সমর্থন।

হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়েরা বিদেশি নন। তাঁদের রক্তে এই অঞ্চলের পরিচয় রয়েছে। হামজা বাংলাদেশের মানুষ, বাঙালি। আমাদের খেলোয়াড়েরাও শ্রীলঙ্কান। নানা কারণে কারও দেশে ফিরতে দেরি হতে পারে। কারও চাকরি আছে, বাবা-মায়ের সমস্যা থাকতে পারে। এসব কারণে কেন আমরা তাদের নিজেদের মানুষ হিসেবে গ্রহণ করব না?’

হামজা বাংলাদেশে আসার পর বিমানবন্দরে মানুষের ঢল নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তার মতে, এমন ভালোবাসা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো এশিয়ার ফুটবলের জন্য গর্বের।

শ্রীলঙ্কার কোচ মনে করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর লক্ষ্য শুধু সাফ চ্যাম্পিয়নশিপে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এশিয়ান কাপকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশের ১৯৮০ সালের এশিয়ান কাপ খেলার কথাও স্মরণ করিয়ে দেন। বলেন, ‘আমার মনে আছে, ১৯৮০ সালে বাংলাদেশ আমার দেশে এশিয়ান কাপ খেলেছিল। তাহলে আবার কেন সেখানে যেতে পারবে না? কেন বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা ভারত শুধু সাফ কাপ জেতার কথা ভাববে? ইয়েমেনের দিকে তাকান। গত ২০ বছর ধরে যুদ্ধের মধ্যে থেকেও তারা টানা তিনবার এশিয়ান কাপে খেলেছে। তাজিকিস্তান, আফগানিস্তানের দিকেও তাকান। পরিকল্পনা ও ফুটবলের উন্নয়নে মনোযোগ দিলে আমাদের দেশগুলোর পক্ষেও এশিয়ান কাপে খেলা সম্ভব।’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিভেদ ভুলে ঐক্যের বার্তাও দিয়েছেন তিনি। তার মতে, এই অঞ্চলের দেশগুলো আলাদা হলেও মানুষের পরিচয় ও সংস্কৃতির মধ্যে রয়েছে অনেক মিল।

‘আমরা ভাই ভাই। এই পুরো অঞ্চল এক। তাহলে আমরা কেন লড়াই করব? আমরা কেন একে অন্যের বিরুদ্ধে এত নাটক ও উত্তেজনা তৈরি করব? এই অঞ্চলের বাইরে থেকে কেউ এসে আমাদের দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে বিবেচনা করুক, সেটা আমি মেনে নিতে পারি না। আমরা দ্বিতীয় শ্রেণির নই, আমরাই সেরা।’

নেপালের কোচ থাকাকালে বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির কথাও স্মরণ করেছেন তিনি। ওই ম্যাচকে নিজের সেরা ম্যাচগুলোর একটি উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমার সেরা ম্যাচগুলোর একটি ছিল সেটি। ৯০ মিনিটের পুরো সময় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই ধরনের ম্যাচই আমাদের প্রয়োজন। কীভাবে ফুটবল খেলতে হয়, তা শেখানোর জন্য বাইরের কারও প্রয়োজন নেই। আমরা নিজেরাই জানি কীভাবে খেলতে হয়।’

সংবাদ সম্মেলনের শেষ দিকে অবশ্য ফুটবলের গম্ভীর আলোচনা থেকে বেরিয়ে ব্যক্তিগত প্রসঙ্গেও মজা করেছেন শ্রীলঙ্কার কোচ। স্ত্রীকে নিয়ে হাস্যরস করে জানিয়েছেন, আগামী সপ্তাহে তাদের ২১তম বিবাহবার্ষিকী। অথচ সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততায় তিনি এখন বাংলাদেশে। এ কারণে স্ত্রী তার ওপর বেশ রাগ করেছেন বলেও মজা করে জানান তিনি।