বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী এখন কেবল একজন তারকা খেলোয়াড় নন, ভক্তদের আবেগেরও নাম। তাকে একনজর দেখা কিংবা একটু কাছে পাওয়ার সুযোগ পেলেই সমর্থকদের উচ্ছ্বাসের সীমা থাকে না। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে দেখা গেল সেই উন্মাদনারই এক দৃশ্য।
ম্যাচ শুরুর আগে এক দর্শক নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে দৌড়ে মাঠে ঢুকে পড়েন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর কাছে পৌঁছানো। নিরাপত্তাকর্মীরা তাকে থামানোর চেষ্টা করলেও তাদের বাধা উপেক্ষা করে হামজার কাছে চলে যান ওই দর্শক। এরপর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং একপর্যায়ে হামজার পা ছুঁয়ে সালাম করেন।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মাঠে তৈরি হয় বাড়তি উত্তেজনা। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন নিরাপত্তাকর্মীরা। তবে ঘটনাটি আবারও সামনে এনেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজার জনপ্রিয়তা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার প্রতি দর্শকদের ভালোবাসাও এখন আলোচনার বিষয়।