ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় এসে আতিথেয়তা কিংবা নিরাপত্তা নিয়ে কোনও অভিযোগ নেই ভারতের। তবে দলটির আপত্তি খাবারের মেন্যু নিয়ে। প্রতিদিন একই খাবার পরিবেশন করা হচ্ছে-এমন অভিযোগ তুলেছেন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তার মতে, ম্যাচের পর খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকা জরুরি, কিন্তু সেটি ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

ভারতের পত্রিকায় এসব নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। তারই রেশ ধরে বুধবার মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন ভারতের কোচ। এ সময় নিরাপত্তা নিয়েও প্রশ্ন যায় তার কাছে। তবে এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি বলে জানিয়েছেন নওশাদ।

এ বিষয়ে জানতে চাইলে নওশাদ বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনও সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র সমস্যা খাবার নিয়ে। আয়োজক হিসেবে আপনি তো কাউকে বলতে পারেন না, এটাই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে, যা মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়রা খুব বেশি খায় না। ম্যাচের পর তাদের ভালো ও পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, প্রতিদিন একই খাবার।’

নিরাপত্তা নিয়ে অবশ্য ভারতের কোচের বক্তব্য ইতিবাচক। তিনি বলেন, ‘বিসিসিআই ও ক্রিকেটের বিষয়টি আলাদা, এর ব্যাপ্তিও অনেক বড়। ফুটবলের ক্ষেত্রে বাইরে কী হচ্ছে, তা দেখার জন্যও বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছি না। ম্যাচের দিন কিংবা যেদিন খেলা থাকে না, সব সময় আমাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকে। যাতায়াতের সময় কনভয়ও থাকে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে আমাদের কোনও সমস্যা হয়নি। সবকিছু ঠিকঠাক আছে।’

ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ না পাওয়ার বিষয়টিও সংবাদ সম্মেলনে উঠে আসে। এ নিয়ে মজার ছলে নওশাদ বলেন, ‘ঢাকা উপভোগ করতে হলে তো বাইরে যেতে হবে, তাই না? কিন্তু আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। সারা দিন হোটেলেই থাকতে হয়।’

খাবার নিয়ে সমস্যার সমাধানে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন তিনি। নওশাদের ভাষ্য, ‘কোচ হিসেবে আমি আমার টিম ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি। তিনি ভারতের অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করছেন। সকালের নাশতার সমস্যার সমাধান হয়েছে। তবে দুপুর ও রাতের খাবার নিয়ে এখনও আলোচনা চলছে।’

এদিকে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট নওশাদ। তবে দল গঠনে নানা প্রতিকূলতার কথাও তুলে ধরেছেন তিনি। প্রথম ম্যাচে খেলা পাঁচজন খেলোয়াড় দেশে ফিরে গেছেন। নতুন করে দলে যোগ দিয়েছেন ১০ জন। তাদের নিয়ে অনুশীলনের সুযোগ পেয়েছেন মাত্র দুই দিন।

নওশাদ বলেন, ‘কোচ হিসেবে কাজটা কখনোই সহজ নয়। প্রথম ম্যাচে খেলা পাঁচজন চলে গেছে, নতুন করে ১০ জন এসেছে। তাদের নিয়ে মাত্র দুই দিনের অনুশীলন হয়েছে। দল গোছানোর জন্য উপযুক্ত ক্যাম্পও করতে পারিনি। এরপরও ছেলেরা যেভাবে খেলেছে, তা সত্যিই ভালো। মালদ্বীপেরও প্রশংসা করতে হবে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা দারুণ খেলেছে।’

সেমিফাইনালে বাংলাদেশ নাকি ভুটান কাকে প্রতিপক্ষ হিসেবে চান, এমন প্রশ্নে নির্দিষ্ট কোনও দলের নাম বলেননি ভারতের কোচ। বরং প্রতিপক্ষ যে-ই হোক, সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। নওশাদ বলেন, ‘যে দলই আসুক, আমাদের সতর্ক থাকতে হবে। আজ মালদ্বীপও ভালো খেলেছে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’

টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা নিয়েও বাস্তববাদী নওশাদ। তার মতে, নির্দিষ্ট দিনে দল ও খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপরই সবকিছু নির্ভর করবে। সেমিফাইনালের আগে দুই দিনের অনুশীলনে দলকে প্রস্তুত করার পরিকল্পনা তার।

মালদ্বীপের বিপক্ষে ভারতের গোলরক্ষকের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন কোচ। মোহনবাগানের রিজার্ভ দল থেকে উঠে আসা তরুণ এই গোলরক্ষক চাপের মুখেও শান্ত ছিলেন বলে মনে করেন তিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তার গুরুত্বপূর্ণ সেভের কথা উল্লেখ করে নওশাদ বলেন, ‘তার পারফরম্যান্সে আমি খুব খুশি ও গর্বিত। শেষ সেভটি এবং দ্বিতীয়ার্ধে চাপের মুখে যেভাবে শান্ত ছিল, তা সত্যিই প্রশংসনীয়।’

সংবাদ সম্মেলনে ভারতের জাতীয় দলের দুই খেলোয়াড়ের নিউজিল্যান্ড সফরে যাওয়ার বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে নওশাদ জানান, দুজন খেলোয়াড় দল ছেড়েছেন। তাদের একজন বিজয়, যিনি সেন্টার-ব্যাক, অন্যজন লেফট উইঙ্গার। তবে জাতীয় দলের স্বার্থকে সবার আগে রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার সব সময় জাতীয় দল হওয়া উচিত।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে ভারত
সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
রাজশাহীতে যুবলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে যুবলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা