শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তার ফলও মিলেছে দ্রুত। শমিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেছেন অধিনায়ক হামজা চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ।

জাতীয় স্টেডিয়ামে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজান টমাস ডুলি। জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষের জায়গায় খেলছেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম। প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হামজা খেলছেন নম্বর টেন পজিশনে। শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা।

৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবকে ফাউল করায় বক্সের কয়েক গজ বাইরে ফ্রি-কিক পায় লাল-সবুজের দল। হামজার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। হামজার ক্রস থেকে গোলরক্ষক বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করেন। বক্সের প্রান্তে থাকা শমিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় জোরালো শটে বল জালে জড়ান নিউইয়র্ক কসমসে খেলা এই ফুটবলার। তাতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা।

১৬ মিনিটে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু শমিতের কাটব্যাক থেকে হামজার জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়।

২৫ মিনিটে দুর্দান্ত একটি গোলের সুযোগ তৈরি করেন হামজা। সতীর্থের লং পাস হেড করে তার দিকে বাড়িয়ে দেন রাকিব। আগোয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই প্রথম স্পর্শে বল নিজের নিয়ন্ত্রণে নেন হামজা। এরপর তার দারুণ ব্যাকহিল ক্রসবারের নিচের অংশে লাগলেও জালে জড়ায়নি।

৪০ মিনিটে ডিলন ডি সিলভার ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ। তাহলে গোল হতে পারতো। পরের মিনিটে রাকিবের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক। তবে ৪৪ মিনিটে আবারও গোল উৎসবে মাতে বাংলাদেশ। ইব্রাহিমের লং পাস পেয়ে বক্সের ভেতরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল কাঁপান হামজা। তাতে ব্যবধান ২-০ করে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।