অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ফুটবলার। তার নেতৃত্বে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নিশ্চিত করেছে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলা। তবে এমন দাপুটে জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগছেন না হামজা। বরং সামনে আরও কঠিন পথ পাড়ি দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে সাফের ফেবারিট হিসেবে অভিহিত করেছিলেন হামজা। মাঠের পারফরম্যান্সেও সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে। জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই লঙ্কানদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ চার নিশ্চিত করেছে দল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। দেশের নেতৃত্বে প্রথমবার মাঠে নামার অভিজ্ঞতাকে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে হামজা লিখেছেন, ‘প্রথমবারের মতো নিজের দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। দলের দারুণ পারফরম্যান্স ছিল। তবে সামনে এখনও অনেক পথ বাকি।’

হামজার এই বার্তায় যেমন অধিনায়কত্বের গর্ব ফুটে উঠেছে, তেমনি রয়েছে আরও বড় কিছু অর্জনের প্রত্যয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়কে আপাতত একটি ধাপ হিসেবেই দেখছেন তিনি।

ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সতীর্থ শমিত সোমের গোলের পেছনে ছিল তার অবদান। হামজার পাস থেকে বল পেয়ে দুইবারের চেষ্টায় জালের দেখা পান শমিত। এরপর প্রথমার্ধের শেষ দিকে নিজেই গোল করেন বাংলাদেশ অধিনায়ক। গোল ও অ্যাসিস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৯ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

তবে ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত তৈরি করেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। শমিত সোমের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে দুর্দান্ত ড্রিবলিংয়ে একে একে চার লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে দৃষ্টিনন্দন গোল করেন তিনি। ফারহানের এমন নৈপুণ্যে মুগ্ধ হন হামজাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ফারহান আলী ওয়াহিদ। অভিনন্দন ভাই।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন হামজা। কখনো বাইসাইকেল কিক, কখনও ফ্রি-কিক, আবার কখনও পানেনকা শটে গোল করে সমর্থকদের মুগ্ধ করেছেন তিনি। এবার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের আরেকটি প্রমাণ দিলেন এই মিডফিল্ডার।

হামজার পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থ জামাল ভূঁইয়াও। তার মতে, হামজা বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার। জামাল বলেন, ‘হামজার এটা প্রাপ্য। তিনি ভালো খেলেছেন। হামজা সম্ভবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। তিনি অবশ্যই মহাতারকা। দলের সেরা খেলোয়াড়। আমি সত্যিই খুব খুশি হামজার খেলা দেখে।’

জাতীয় দলের বাইরেও হামজার এমন পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে তার ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর হামজার উদযাপনের ছবি প্রকাশ করে ক্লাবটি লিখেছে, ‘হামজা চৌধুরী গোল করেছেন। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে ৪-০ গোলের বিশাল জয় এনে দিয়েছেন আজ।’ পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার ইমোজিও যুক্ত করেছে ক্লাবটি।

এদিকে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনালে উঠেছে ভুটান। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

আগামী ১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল। বিকাল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। আর রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।