দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই অধ্যায়ের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটিতে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে একাদশে না রাখার সম্ভাবনাই বেশি। রক্ষণভাগেও দেখা যেতে পারে নতুন মুখ।

শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। বাংলাদেশ সময় শনিবার ভোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গোলরক্ষক হিসেবে দিবুর পরিবর্তে জেরোনিমো রুল্লিকে খেলানোর পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। চোয়ালের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দিবুকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না তিনি। বিশেষ সুরক্ষা নিয়ে অনুশীলন করলেও উরুগুয়ের বিপক্ষে তাকে বেঞ্চে রাখার সম্ভাবনাই বেশি।

রক্ষণভাগে বড় চমক হতে পারেন ফাকুন্দো মেদিনা। শেষ অনুশীলনে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় বাঁ প্রান্তের ডিফেন্ডার হিসেবে খেলেছেন তিনি। ডান প্রান্তে আগুস্তিন গিয়াইয়ের খেলার সম্ভাবনা রয়েছে। দুই সেন্টারব্যাক হিসেবে দেখা যেতে পারে লিওনার্দো বালার্দি ও লিসান্দ্রো মার্তিনেজকে। চোটের কারণে নেই ক্রিস্তিয়ান রোমেরো।

মাঝমাঠে থাকছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে দেখা যেতে পারে এক্সেকিয়েল পালাসিওসকে। লিয়ান্দ্রো পারেদেসের নিষেধাজ্ঞা এবং রদ্রিগো দি পলের দলে না থাকায় মাঝমাঠে নতুন সমন্বয় তৈরি করতে হচ্ছে স্কালোনিকে।

আক্রমণভাগে মেসি না থাকায় সৃজনশীলতার দায়িত্ব থাকবে নিকো পাজের কাঁধে। তার সঙ্গে থাকবেন জুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি।