সুযোগ তৈরি করেও গোল পায়নি বাংলাদেশ

গতিময় ফুটবলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু কেউই জালের দেখা পায়নি। সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পাকিস্তানের আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশের রক্ষণভাগকে। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসা এবং চোটের কারণে ছিটকে পড়া সাদ উদ্দিনের বদলে খেলছেন রহমত মিয়া।

২ মিনিটে প্রথম আক্রমণেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

৭ মিনিটে গুছিয়ে ওঠে বাংলাদেশও। বক্সের বাইরে থেকে কাজেম শাহর নেওয়া দুর্বল নিচু শট সহজেই তালুবন্দী করেন পাকিস্তানের গোলকিপার।

১৬ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান।

২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে যান রাকিব। বাঁ পায়ের জোরালো নিচু শট নিলেও গোলকিপারের হাতে বল লেগে পোস্টের নিচে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ।

৩২ মিনিটে কুলিং ব্রেকের পর বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। জটলার মধ্যে আবদুল সামাদ আজাদকে ঠিকমতো মার্কিং করতে পারেননি তারিক কাজী। বল পেয়ে সামাদের নেওয়া শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ।

৪১ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এই অর্ধে এভাবেই বার বার হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ; তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া; হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম কিরমানি, রাকিব হোসেন, শুকি ইতোফুসা, ফারহান আলী ওয়াহিদ।