মৃত্যুর পরও বার্সেলোনায় গোলের আওয়াজ শুনতে চান? খরচ ১০ হাজার ইউরো!

প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা কারও কারও কাছে আজীবনের। কিন্তু বার্সেলোনার সমর্থকদের জন্য সেই ভালোবাসা এবার মৃত্যুর পরও ধরে রাখার সুযোগ তৈরি করছে স্প্যানিশ জায়ান্টরা। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটির বিখ্যাত স্টেডিয়াম ন্যু ক্যাম্পে সমর্থকদের জন্য তৈরি হচ্ছে বিশেষ স্মৃতিসৌধ। সেখানে সংরক্ষণ করা যাবে প্রিয়জনের দাহ করা দেহাবশেষ। অর্থাৎ মৃত্যুর পরও প্রিয় ক্লাবের সঙ্গে থেকে যাওয়ার সুযোগ পাবেন সমর্থকরা।

তবে এই বিশেষ সুযোগ পেতে গুণতে হবে মোটা অঙ্কের অর্থ। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ন্যু ক্যাম্পে স্থায়ীভাবে শেষ ঠিকানা গড়তে চাইলে খরচ হতে পারে ১০ হাজার ইউরো।

কত খরচ হবে?

স্মৃতিসৌধের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১০ বছরের জন্য জায়গা সংরক্ষণে খরচ শুরু ২ হাজার ৪৯০ ইউরো থেকে। ২৫ বছরের জন্য ৪ হাজার ৯৯০ ইউরো এবং ৫০ বছরের জন্য ৫ হাজার ৯৯০ ইউরো। এর বাইরে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবার জন্য অতিরিক্ত খরচ রয়েছে।

সমর্থকরা চাইলে প্রয়াত প্রিয়জনের নাম ও ব্যক্তিগত বার্তাসহ স্মারক ফলকও রাখতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সুবিধা পেতে বার্সেলোনার সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। ক্লাবের সদস্য না হলেও জায়গা সংরক্ষণের সুযোগ থাকবে।

এই উদ্যোগের পেছনের ভাবনা তুলে ধরতে গিয়ে বার্সেলোনার সহসভাপতি মারিয়া এলেনা ফোর্ট তার পরিবারের একটি আবেগঘন স্মৃতির কথা জানিয়েছেন। তার দাদা একসময় চেয়েছিলেন, বার্সেলোনার স্টেডিয়ামের কাছেই যেন তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পরও প্রিয় দলের গোলের আওয়াজ শুনতে চেয়েছিলেন তিনি।

ফোর্টের ভাষ্য, এমন স্বপ্ন আরও অনেক সমর্থকের রয়েছে। তাদের সেই আবেগকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

স্মৃতিসৌধে ক্লাবের ইতিহাস তুলে ধরা বিভিন্ন ম্যুরাল, আলোকিত প্রদর্শনী এবং পরিবারের সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণ করার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে এক হাজারের বেশি সমর্থক জায়গা সংরক্ষণ করেছেন। প্রকল্পের প্রথম ধাপ ২০২৭ সালের শেষ দিকে চালু হওয়ার কথা।

এ ধরনের উদ্যোগ অবশ্য বার্সেলোনার জন্য একেবারে নতুন নয়। অ্যাতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও এস্পানিওলও নিজেদের সমর্থকদের জন্য একই ধরনের স্মৃতিসৌধের ব্যবস্থা করেছে। তবে ২৬ হাজার জায়গা তৈরির পরিকল্পনা থাকায় বার্সেলোনার প্রকল্পটি ফুটবলবিশ্বের অন্যতম বড় উদ্যোগ হতে যাচ্ছে।