রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের ফুটবলাররা। স্তব্ধ পুরো জাতীয় স্টেডিয়াম। ২১ বছর পর সাফের ফাইনালে খেলার যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তা ভেঙে গেলো পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে। তবে মাঠের হতাশা গ্যালারিতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ম্যাচের শেষ দিকে গোল হজমের পর দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। পরে ম্যাচ শেষে গ্যালারির এক পাশে ব্যানার-প্লাকার্ডে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ দর্শকেরা।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে কখনো গোলপোস্ট, কখনও গোলরক্ষকদের দৃঢ়তায় গোলবঞ্চিত হতে হয়েছে দুই দলকে। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও ৮৪মিনিট পর্যন্ত বেশ কয়েকটি ভালো সেভ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তার একটি ভুলেই স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।
ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে আলী খানের নেওয়া ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। তবে এরপরই ভুল করে বসেন বাংলাদেশের গোলরক্ষক। থ্রো করে বল দেন প্রতিপক্ষের খাট্টাকের কাছে। সেই খাট্টাকের দারুণ পাস পেয়ে যান সামাদ। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। তাতেই এগিয়ে যায় পাকিস্তান।
গোল হজমের পরপরই গ্যালারি থেকে মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন কয়েকজন দর্শক। পরিস্থিতির কারণে প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা। এ সময় গ্যালারির কাছে গিয়ে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ করেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তার অনুরোধে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয় এবং খেলা আবার শুরু হয়।
তবে ম্যাচের শেষ বাঁশি বাজার পরও ক্ষোভ থামেনি গ্যালারিতে। এক পাশে ব্যানার ও প্লাকার্ডে আগুন ধরিয়ে দেন দর্শকেরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ম্যাচ শেষে বাংলাদেশের ও পাকিস্তানের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে। মাঠের লড়াই শেষ হলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
শেষ দিকে গোল হজমের ধাক্কা সামলে বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা করেছে। যোগ করা সময়ে মরিয়া হয়ে আক্রমণেও গেছে স্বাগতিকেরা। কিন্তু পাকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
অপরদিকে এই জয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ ভারত।