‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’

প্রীতি ম্যাচে জাপানের কাছে ব্রাজিলের ৩-২ গোলে হারের পর কোচ কার্লো আনচেলত্তির ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। ইতালিয়ান এই কোচকে দায়িত্ব ছেড়ে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা ও বর্তমান সিনেটর। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে আনচেলত্তির পদত্যাগ দাবি করেন রোমারিও। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে আনচেলত্তির স্বীকৃতি থাকলেও ক্লাব পর্যায়ের সাফল্য জাতীয় দলের দায়িত্বে কাজে লাগাতে পারছেন না বলে মনে করেন তিনি।

রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন। ফিরে যান সেই ক্লাবগুলোতে, যেখানে আপনি নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আমরা আর কোনও ঝুঁকি নিতে পারি না।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির খাউদের প্রতিও কড়া বার্তা দিয়েছেন রোমারিও। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোমারিওর ভাষায়, ‘আমরা ইতোমধ্যে অনেক অপমান ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট করার ঝুঁকি নেওয়ার সুযোগ আমাদের নেই।’

ব্রাজিলের ফুটবল ব্যবস্থাপনা নিয়ে এর আগেও প্রকাশ্যে সমালোচনা করেছেন রোমারিও। ২০১৬ সালে জাতীয় দলের সংকটের সময়ও দলের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে জাপান। ফুটবল ইতিহাসে এটি ব্রাজিলের বিপক্ষে তাদের মাত্র দ্বিতীয় জয়।