গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই জয়কে খুব বেশি গুরুত্ব দিতে চান না ভারতীয় কোচ নওশাদ মুসা। কারণ, প্রথম ম্যাচের পাকিস্তান আর ফাইনালের পাকিস্তান এক নয়। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে খেলা দলটিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। তাই শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষকে সামলাতে নতুন কৌশল নিয়েই মাঠে নামতে চায় ভারত। তবে নিজেদের খেলোয়াড়দের গতি ও ক্ষিপ্রতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
ফাইনালের আগের সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরিবর্তিত দল নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন নওশাদ। তার মতে, প্রতিপক্ষের সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করেই পরিকল্পনা সাজিয়েছে ভারত।
নওশাদ বলেন, ‘প্রতিটি ম্যাচই শেখার সুযোগ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা যে দলটির মুখোমুখি হয়েছিলাম, বাংলাদেশের বিপক্ষে খেলা দলটি তার চেয়ে আলাদা। তখনও বলেছিলাম, পূর্ণ শক্তির দল নিয়ে তারা ফিরলে ভিন্ন চেহারায় দেখা যাবে। আমরা তাদের খেলা বিশ্লেষণ করেছি। কীভাবে খেলে, কী করে, সবকিছুই দেখেছি। আশা করি, আগামীকাল (ফাইনালে) দারুণ একটি ম্যাচ হবে।’
পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও ভারতীয় কোচ নিজের দলের গতি ও ক্ষিপ্রতার ওপরই বেশি ভরসা রাখছেন। তার মতে, এই জায়গায় ভারত এগিয়ে।
নওশাদের কথায়, ‘এটা ভালো দিক। তবে আমার মনে হয়, আমার খেলোয়াড়রা বেশি দ্রুতগতির ও ক্ষিপ্র। এটা আমাদের জন্য সুবিধা হবে। বরং পাকিস্তানেরই এটা নিয়ে চিন্তা করা উচিত।’
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুটি গোল হজম করেছিল ভারত। ফাইনালের আগে রক্ষণভাগের সেই দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠলেও একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না নওশাদ। গোলরক্ষকসহ দলের প্রত্যেক খেলোয়াড়ের ওপরই তার পূর্ণ আস্থা।
ভারতীয় কোচ বলেন, ‘কোনও পরিবর্তন হবে না। আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখি। খেলোয়াড় হিসেবে আমি নিজেও মাঠে ছিলাম। তাই জানি, কোচের কাছ থেকে সম্মান ও বিশ্বাস পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। যারা খেলবে, প্রত্যেকের ওপর আমার শতভাগ আস্থা আছে। যে-ই মাঠে নামবে, নিজের সেরাটা দেবে।’
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালও দেখেছেন নওশাদ। শেষ দিকে মনোযোগ হারানোর কারণেই বাংলাদেশকে গোল হজম করতে হয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, এই পর্যায়ের ফুটবলে সামান্য ভুলও বড় মাশুল ডেকে আনতে পারে।
নওশাদের বিশ্লেষণ, ‘ফুটবলে পুরো ম্যাচ মনোযোগ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, বাংলাদেশ সেই মনোযোগ হারিয়েছিল। ছোট একটি ভুলের মাশুল দিতে হয়েছে তাদের। প্রতিটি ম্যাচেই ছোট ছোট বিষয় গুরুত্বপূর্ণ। সামান্য সুযোগ দিলেই প্রতিপক্ষ শাস্তি দেয়। পাকিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচেও ৯০ মিনিটের পর যোগ করা চার মিনিটে দুটি গোল হজম করেছিলাম। এই পর্যায়ের ফুটবলে মনোযোগ হারানোর সুযোগ নেই।’
পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর অভিজ্ঞতা এবং প্রিমিয়ার লিগে খেলার প্রসঙ্গও উঠেছিল সংবাদ সম্মেলনে। তবে ফাইনালকে দুই কোচের লড়াই হিসেবে দেখতে চান না নওশাদ। তার মতে, অনুশীলনে পরিকল্পনা তৈরি করেন কোচরা, কিন্তু মাঠে সেটি বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের।
অন্যদিকে ভারতের অধিনায়ক সেনা সিং ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না। বরং শিরোপা জয়ের সুযোগ উপভোগ করতে চান তারা। তরুণ খেলোয়াড়দের প্রতিভা ও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক।
সেনা বলেন, ‘আমাদের দলে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। আমরা নিজেদের ফুটবল খেলতে চাই। আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখেছি। ফাইনালের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা প্রস্তুত।’
ভারতের অধিনায়ক হিসেবে ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়াকে বড় দায়িত্ব মনে করছেন সেনা। এ ক্ষেত্রে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া শিক্ষাও কাজে লাগাতে চান তিনি।
সেনার ভাষায়, ‘দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ও আমার ওপর কোচের আস্থা রাখাটা অনেক বড় ব্যাপার। এটা অবশ্যই বড় দায়িত্ব। তবে বাড়তি চাপ নেই। ক্লাব ও জাতীয় দলে সুনীল ছেত্রীর সঙ্গে খেলার সুবাদে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি কীভাবে পরিস্থিতি সামলান, দলকে পরিচালনা করেন, সেগুলো অনুসরণ করার চেষ্টা করি। আমরা দেশের হয়ে খেলতে এসেছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আগামীকালও নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয়ের চেষ্টা করববো।’
ফাইনালে বাংলাদেশের সমর্থকদের সামনে খেলতে না পারা নিয়ে আক্ষেপের প্রশ্নও উঠেছিল। তবে প্রতিপক্ষ কে, সেটি নিয়ে ভাবতে চান না নওশাদ। তার লক্ষ্য নিজেদের সেরা ফুটবল উপহার দেওয়া।
ভারতীয় অধিনায়কও সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় দল ভালো না খেললেও সমর্থকরা সব সময় আমাদের পাশে ছিলেন। ইতিবাচক সমালোচনার মাধ্যমে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছেন। তাদের ধন্যবাদ। আমাদের সমর্থন করে যান। আমরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’