ভারতকে হারিয়ে ট্রফি জিততে চান, ম্যারাডোনার স্মৃতিও রোমন্থন করলেন সোলানো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৭ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৭

ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে একসময় খেলেছেন একই দলে। আর্জেন্টাইন কিংবদন্তির সতীর্থ হওয়ার সেই স্মৃতি আজও অমলিন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর। এবার তার সামনে নতুন এক ইতিহাস গড়ার হাতছানি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। গ্রুপ পর্বে ৩-২ গোলে হারের পর এবার শিরোপার লড়াইয়ে জিততে মরিয়া সোলানোর দল। ফাইনালের আগে সেই প্রত্যয়ের কথাই জানিয়েছেন পাকিস্তানের কোচ। পাশাপাশি সংবাদ সম্মেলনে ফিরে গেছেন ম্যারাডোনার সঙ্গে কাটানো দিনগুলোতেও।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরে সোলানো জানিয়েছেন, ওই ম্যাচের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি তার দল। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও তখন ছিলেন না। তবে এবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী তিনি।

সোলানো বলেন, ‘ভারতের প্রতি আমাদের অনেক সম্মান আছে। গত ১০-১৫ বছরে তারা ফুটবলে ভালো উন্নতি করেছে। প্রথম ম্যাচে আমরা পুরোপুরি মনোযোগী ছিলাম না, কিছুটা ধীরগতিরও ছিলাম। প্রথমার্ধে তারা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, ম্যাচে ফেরার সুযোগও তৈরি করেছিলাম। কিন্তু একটু দেরি হয়ে যায়। এবার আমাদের আরও কয়েকজন খেলোয়াড় দলে যোগ দিয়েছে। পুরো দলকে পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ফাইনালের আগে টানা ম্যাচ খেলার কারণে ক্লান্তির প্রসঙ্গও উঠেছে। তবে সোলানোর কাছে এসব কোনো অজুহাত হতে পারে না। তার লক্ষ্য একটাই, শিরোপা জয়।

পাকিস্তানের কোচের ভাষায়, ‘ফাইনালে খেলতে নামলে ক্লান্ত থাকার কথা ভাবলে চলবে না। সূচি এমনই ছিল। কেউ বিশ্রাম পেয়েছে, কেউ পায়নি। কিন্তু ফাইনালে আমাদের সবটুকু দিতে হবে। আমরা প্রস্তুত। কোনো অজুহাত নয়, শিরোপার জন্য লড়াই করবো।’

অধিনায়ক আবদুল্লাহ ইকবালও ফাইনালের চাপকে স্বাভাবিকভাবেই নিতে চান। সতীর্থদের প্রতি তার বার্তা, অন্য ম্যাচের মতোই নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে হবে। তবে দেশের ফুটবলে ইতিহাস গড়ার সুযোগ যে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে, সেটিও স্বীকার করেছেন তিনি।

আবদুল্লাহ বলেন, ‘অবশ্যই ফাইনাল বড় ম্যাচ। তবে অন্য ম্যাচের মতোই এটিকে নিতে হবে। কোচের পরিকল্পনায় মনোযোগ দিতে হবে, মাঠে একে অন্যকে সহযোগিতা করতে হবে এবং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। ফাইনাল জেতার চাপ আছে। দেশের জন্য ইতিহাস গড়ার সুযোগও আছে। সেটাই আমাদের আরও ভালো খেলতে অনুপ্রাণিত করছে।’

সাফের ফাইনালে ওঠাকেই পাকিস্তান ফুটবলের বড় অর্জন হিসেবে দেখছেন অধিনায়ক। তার বিশ্বাস, শিরোপা জিততে পারলে এই অর্জন আরও বড় হয়ে উঠবে।

পাকিস্তানের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সোলানো। ক্রিকেট ও হকির পাশাপাশি দেশটিতে ফুটবলেরও জনপ্রিয়তা রয়েছে বলে মনে করেন তিনি। তবে সেই আগ্রহকে আরও বাড়াতে তরুণ ফুটবলারদের ভালো ফল উপহার দিতে হবে। সেজন্য শক্তিশালী ঘরোয়া লিগ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের কোচ।

সোলানো বলেন, ‘আমি পাকিস্তানের ওপর বিশ্বাস রাখি। ধীরে ধীরে ফুটবল মানুষের কাছে আরও আগ্রহের বিষয় হয়ে উঠছে। ক্রিকেট বা হকির সমর্থকদের আমরা ফুটবলে নিয়ে আসতে পারবো না, তবে পাকিস্তানে অনেক মানুষ ফুটবল ভালোবাসেন। আমাদের কাজ তরুণ খেলোয়াড়দের এমন ফল এনে দেওয়া, যাতে মানুষ ফুটবলের প্রতি আরও আশাবাদী হয়।’

বাংলাদেশ ও ভারতের মতো পাকিস্তানেরও নিজস্ব ফুটবল লিগ থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে, সেটিই হবে পাকিস্তানের ফুটবলের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে অবশ্য ফুটবলের ভবিষ্যৎ কিংবা ফাইনালের পরিকল্পনার বাইরেও উঠে এসেছে সোলানোর খেলোয়াড়ি জীবনের স্মৃতি। বিশেষ করে দিয়েগো ম্যারাডোনার সঙ্গে বোকা জুনিয়র্সে সতীর্থ হিসেবে কাটানো সময়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সোলানো বলেন, ‘আমি যখন ১৫ বছর বয়সী, তখন স্বপ্ন দেখতাম একদিন পেরুর জাতীয় দলে খেলবো এবং মাঠে ম্যারাডোনাকে দেখলে তার সঙ্গে হাত মেলাবো। ঈশ্বরের আশীর্বাদে বোকা জুনিয়র্সে তার সতীর্থ হওয়ার সুযোগ পেয়েছিলাম। তিনি অসাধারণ ফুটবলার।’

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানের এই কোচ। ঢাকার মাঠে দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থন তাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।

সোলানোর ভাষায়, ‘বাংলাদেশের ফুটবল নিয়ে আমি সত্যিই মুগ্ধ। এখানকার পরিবেশ অসাধারণ ছিল। আপনারা ফুটবল ভালোবাসেন। ভবিষ্যতের জন্য বাংলাদেশের প্রতি আমার শুভকামনা। বিশ্বকে আপনারা দেখিয়েছেন, এখানকার মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশকে হারানোর কৌশল ফাঁস করলেন পাকিস্তান কোচ
সাফে বাংলাদেশ-ভারত নিয়ে মন্তব্য, কুয়েতি কোচের জরিমানা 
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
সর্বশেষ খবর
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
উল্টোপথে আসা জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড, ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
উল্টোপথে আসা জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড, ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল