আবারও ৭ গোলের স্মৃতি ফেরালো ব্রাজিল!

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি আজও কাঁদায় ব্রাজিলকে। আবারও ৭ গোলের স্মৃতি ফিরিয়েছে তারা। তবে এবার নিজেরা ৭ গোলের স্বাদ নিয়েছে। প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। 

ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকের সঙ্গে গোল উৎসব করেছে ব্রাজিল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথম ২০ মিনিটে তিন গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ৯, ১৫ ও ২০তম মিনিটে গোল করে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সেই বড় জয়ের ভিত গড়ে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকের পর এন্ড্রিক, এস্তেভাও ও রায়ানও গোলের খাতায় নাম লিখিয়েছেন।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। সিঙ্গাপুরের রক্ষণভাগকে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে বিরতিতে ৪-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৭৭ মিনিটের মধ্যে আত্মঘাতী গোলসহ ব্রাজিলের গোলসংখ্যা দাঁড়ায় সাত।

এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে তার দুটি গোলও ব্রাজিলকে হার থেকে বাঁচাতে পারেনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচটি হেরেছিল ৩-২ ব্যবধানে। সিঙ্গাপুরের বিপক্ষে দ্রুত হ্যাটট্রিক করে সেই হতাশা কিছুটা হলেও কাটালেন তিনি।

২০২৬ সালে এটাই ব্রাজিলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বছরের শেষ ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্স দলকে স্বস্তি দেবে নিশ্চয়ই। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তিও স্মরণীয় হয়ে থাকবে তার ক্যারিয়ারে।

এই হারে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ডে আবার ভাগ বসিয়েছে সিঙ্গাপুর। ২০২৪ সালে একই মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল তারা। ব্রাজিলের বিপক্ষে হারেও সেই ব্যবধানের পুনরাবৃত্তি হলো। সিঙ্গাপুর ও ব্রাজিলের মধ্যে এটিই ছিল প্রথম ম্যাচ।