সালাহউদ্দীন প্যানেলকে সমর্থন দিলো জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আ জ ম নাছির উদ্দিনবাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আ জ ম নাছির উদ্দিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'আমরা সর্বসম্মতিক্রমে পরিষদের ৭জন প্রতিনিধিকে কাজী সালাহউদ্দীনের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। এ প্যানেলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমাদের ঐক্য অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।'

আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, 'আমরা তৃণমূল পর্যায়ে ফুটবল নিয়ে কাজ করি, ফুটবলার তৈরি করি। আমি এ সংগঠনের সভাপতি হওয়ার পর প্রতিটি ফেডারেশনের নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করেছি। কাজী সালাহউদ্দীনের প্যানেলের প্রতি আমরা সমর্থন দিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি এ প্যানেল দেশের ফুটবল উন্নয়নে আগামী দিনগুলোতে ব্যাপকভাবে কাজ করবে। সারাদেশে ফুটবল ছড়িয়ে দিতে আমরা কিছু দাবিও উপস্থাপন করেছি।'

সদস্য পদে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন: মাহি উদ্দিন আহমেদ সেলিম (সিলেট), আব্দুর রহিম (ঢাকা), জাকির হোসেন চৌধুরী (বাগেরহাট), ইলিয়াস হোসেন (গোপালগঞ্জ) ,আরিফ হোসেন মুন (নীলফামারী), আলমগীর খান আলো (বরিশাল), তৌফিকুল ইসলাম তোফা (চাঁপাইনবাবগঞ্জ)। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন শামসুল হক চৌধুরী।

/আরএম/এমআর/