সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার কারণ পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ শনিবার বৈঠকে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সভায় জাতীয় দলের কোচ টমাস ডুলির জমা দেওয়া প্রতিবেদন নিয়েও আলোচনা হবে।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সই করা নোটিশ অনুযায়ী, বিকাল সাড়ে ৫টায় বাফুফে ভবনের দ্বিতীয় তলার বোর্ডরুমে কমিটির ১০ম নিয়মিত সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। আলোচ্যসূচিতে রয়েছে সভাপতির বক্তব্য, উপস্থিতি গ্রহণ এবং আগের সভাগুলোর কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
এ ছাড়া গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কমিটির নবম নিয়মিত সভা এবং ২৭ অক্টোবর অনুষ্ঠিত জরুরি সভার কার্যবিবরণীও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সার্বিক বিষয় পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স, ব্যর্থতার কারণ এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
এরই মধ্যে সাফে ব্যর্থতার কারণ তুলে ধরে জাতীয় দলের কোচ টমাস ডুলি নিজের প্রতিবেদন জমা দিয়েছেন। আজকের সভায় সেটিও পর্যালোচনা করা হবে।
সাফে ব্যর্থতার পর অনেকে ডুলির পদত্যাগ কিংবা তাকে বরখাস্তের দাবি জানালেও আপাতত সে পথে হাঁটার সম্ভাবনা কম।