চীনে রোনালদোর ২৩ ফুটের বিশাল ভাস্কর্য 

বিশ্বজুড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা কতটা, তার আরেকটি প্রমাণ মিললো চীনে। পর্তুগিজ এই ফুটবল মহাতারকার সম্মানে সাংহাইয়ে উন্মোচন করা হয়েছে ২৩ ফুট (প্রায় ৭ মিটার) উচ্চতার বিশাল এক ভাস্কর্য। শনিবার (২১ নভেম্বর) ভাস্কর্যটির উদ্বোধন ঘিরে সেখানে ভিড় করেন অসংখ্য রোনালদো-ভক্ত।

সাংহাইয়ের জনপ্রিয় ইস্ট নানজিং রোডে নতুন চালু হওয়া ‘সিআর৭ মিউজিয়ামের’ বাইরে স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি। পর্তুগালের ৭ নম্বর জার্সি গায়ে রোনালদোকে দেখা যাচ্ছে তার বিখ্যাত ‘সিউউউ’ উদযাপনের ভঙ্গিতে।

ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর বড় ভাই হুগো আভেইরো ও ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইশাও। তবে নিজে অনুষ্ঠানে যোগ দেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ভাস্কর্য উন্মোচনের পর উপস্থিত ভক্তরা রোনালদোর বিখ্যাত গোল উদযাপনের ভঙ্গি অনুকরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুধু ভাস্কর্য নয়, সাংহাইয়ে চালু হয়েছে রোনালদোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার নিয়ে বিশেষ একটি জাদুঘরও। প্রায় তিন হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি এই জাদুঘরে রয়েছে ১০টি আলাদা প্রদর্শনী বিভাগ। সেখানে সাজানো হয়েছে তার ক্যারিয়ারের বিভিন্ন স্মারক, ট্রফি, জার্সি ও বুট।

জাদুঘরে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে পর্তুগালের মাদেইরায় রোনালদোর শৈশবের বাড়ির আদলে তৈরি একটি অংশ। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ইন্টারঅ্যাকটিভ আয়োজন। এসবের মাধ্যমে ফুটবল মাঠে রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো কাছ থেকে উপভোগের সুযোগ পাবেন ভক্তরা।

জানা গেছে, ২৩ ফুট উচ্চতার ভাস্কর্যটি ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে। অন্যদিকে জাদুঘরটি চালু থাকবে এক বছর।