ফুটবল ক্যারিয়ারে কত রেকর্ডই না গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তার সামনে অপেক্ষায় ভিন্ন রকমের মাইলফলক। সেটি হচ্ছে ছেলের সঙ্গে একই দলে খেলা। সৌদি আরবের ক্লাব আল নাসর ২০২৭ সালে রোনালদো ও তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রকে মূল দলে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছে বলে খবর প্রকাশ করেছেন সৌদি সাংবাদিক তারিক আল-নোফাল।
এর আগে গত এপ্রিলে সৌদি সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছিল, পরের মৌসুমে ক্রিস্টিয়ানো জুনিয়রকে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার কথা ভাবছে আল নাসর। নতুন খবর অনুযায়ী, সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের আরও কাছাকাছি।
আল নাসরের যুব দলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন ১৬ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র। জায়গা করে নিয়েছেন পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলেও। সম্প্রতি বাবার পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পরপরই অনূর্ধ্ব-১৭ দলে অভিষেক হয়েছে তার। ইউরো ২০২৭ বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
রোনালদোর বয়স এখন ৪১ বছর। আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। একই মাসে ১৭ বছরে পা রাখবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। ফলে বাবা-ছেলের একসঙ্গে মাঠে নামার সম্ভাব্য সময় হতে পারে ওই সময়ের কাছাকাছি। তবে তা নির্ভর করবে তরুণ ফুটবলারের উন্নতি এবং ক্লাবের পরিকল্পনার ওপর।
এই পরিকল্পনা আল নাসরের জন্য মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২০২৭ সালের জুনে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা দেখিয়ে পর্তুগিজ মহাতারকাকে সৌদি আরবে আরও কিছুদিন ধরে রাখার চেষ্টা করতে পারে তারা!