প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, কেন?

ম্যাচের উত্তেজনার মধ্যে প্রতিপক্ষের মুখ লক্ষ্য করে বল ছুড়ে বিতর্কে জড়িয়েছেন লিওনেল মেসি। তবে সরাসরি লাল কার্ড দেখতে হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ককে। রেফারি অ্যালেন চ্যাপম্যান তাকে দেখিয়েছেন হলুদ কার্ড। কেন লাল কার্ড দেখানো হয়নি, ম্যাচ শেষে সেই ব্যাখ্যাও দিয়েছেন রেফারি।

শনিবার (২১ নভেম্বর) এমএলএস কাপ প্লে-অফের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটে বিতর্কিত ঘটনাটি।

তখন ১-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। এর আগেই গঞ্জালো লুহান লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে খেলছিল দলটি। এমন পরিস্থিতিতে থ্রো-ইন নেওয়ার সময় মেসির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন কলম্বাসের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া। ক্ষুব্ধ মেসি বলটি ছুড়ে মারেন তাপিয়ার মুখের দিকে। বল আঘাত করার পর মাটিতে পড়ে যান তাপিয়া।

ঘটনার পর রেফারি মেসি ও তাপিয়া—দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে কলম্বাস কোচ লরাঁ কুর্তোয়া মনে করেন, মেসির আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবাই জানে, হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি প্রাপ্য ছিল তার। এটা সত্যিই দুঃখজনক।’

তবে কেন লাল কার্ড দেখানো হয়নি, তার ব্যাখ্যা দিয়েছেন রেফারি চ্যাপম্যান। তার মতে, বল ছোড়ার সময় ব্যবহৃত শক্তি ছিল খুবই সামান্য। ঘটনাটি সহিংস আচরণ হিসেবে বিবেচিত হওয়ার পর্যায়ে পৌঁছায়নি।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) খেলার ১২ নম্বর আইনেও বিষয়টি স্পষ্ট করা আছে। প্রতিপক্ষ থ্রো-ইন নেওয়ার সময় দুই মিটারের মধ্যে দাঁড়িয়ে বাধা দিলে এবং বিরক্ত হয়ে বল ছুড়ে মারলে উভয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো যেতে পারে। তবে বল ছোড়ার ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হলে সেটি সহিংস আচরণ হিসেবে গণ্য হবে এবং অপরাধী খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখাতে হবে।

অর্থাৎ, মেসির ঘটনায় রেফারির মূল্যায়ন ছিল—বল ছোড়ার আচরণটি হলুদ কার্ড দেখানোর মতো হলেও সরাসরি লাল কার্ড দেওয়ার মতো অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়নি।

ম্যাচে জোড়া গোল করা তাপিয়া অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাননি। তার কথায়, ‘এটা লাল কার্ড ছিল কি না, জানি না। সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমার নয়।’

৩-০ গোলের হারে প্লে-অফের শুরুটা ভালো হয়নি মেসিদের। সেরা তিনের সিরিজে পরের ম্যাচে শুক্রবার কলম্বাসের মাঠে খেলবে দুই দল। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিতে হবে ইন্টার মায়ামিকে।