মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বিতর্কেও জড়ালেন লিওনেল মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখের দিকে বল ছুড়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইন্টার মায়ামির আর্জন্টাইন অধিনায়ক। তবে মাঠের লড়াইয়ে দিনটি মোটেও ভালো কাটেনি মেসিদের। মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে হেরে বসেছে লিওনেল মেসির দল। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।
ঘটনাটি ঘটে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে। তখন ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল। ৩৬ মিনিটে গঞ্জালো লুহানের লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে পেনাল্টি থেকে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন চিলির ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া।
থ্রো-ইন নেওয়ার সময় মেসি সরাসরি তাপিয়ার মুখের দিকে বল ছুড়ে মারেন। এ ঘটনায় মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি অ্যালেন চ্যাপম্যান।
তবে রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট নন কলম্বাসের কোচ লরাঁ কোর্তোয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবাই জানে, মেসির আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
অন্যদিকে, রেফারি চ্যাপম্যানের ব্যাখ্যা, মেসির ছোড়া বলের গতি ও শক্তি খুব বেশি ছিল না। তাই ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি বলে মনে করেছেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে কলম্বাস। তাপিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন। অন্য গোলটি করেন তাহা হারব্রুন।
ম্যাচ শেষে মায়ামির কোচ কিলি গঞ্জালেস বলেন, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সবকিছুই তাদের বিপক্ষে গেছে। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে এখন কঠিন সমীকরণের সামনে মেসিরা। আগামী শুক্রবার কলম্বাসের মাঠে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাদের। না হলে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে মায়ামিকে।