লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সিমিওনে

লা লিগার ইতিহাসে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছেন দিয়েগো সিমিওনে। গেতাফের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ৩-০ গোলের জয়ে নতুন ইতিহাস লিখেছেন আর্জেন্টাইন এই কোচ। স্প্যানিশ লিগে এটি তার ৩৪৫তম জয়।

রবিবার (২২ নভেম্বর) গেতাফের মাঠে আতলেতিকোর জয়ে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ডটি নিজের করে নেন সিমিওনে। এর আগে ৩৪৪ জয় নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি ও লুইস আরাগোনেস। এবার আরাগোনেসকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন আতলেতিকো কোচ।

রেকর্ডটি গড়তে সিমিওনের লেগেছে ৫৬৭ ম্যাচ। অন্যদিকে আরাগোনেস ৭৫৬ ম্যাচে ৩৪৪ জয় পেয়েছিলেন। অর্থাৎ প্রায় ১৮৯ ম্যাচ কম খেলেই এই রেকর্ড নিজের করে নিয়েছেন সিমিওনে।

গেতাফের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আতলেতিকো। প্রথমার্ধে আলেক্স বায়েনা ও জনি কারদোসোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির পর শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন আলেক্স গ্রিমালদো। প্রতিপক্ষের এক খেলোয়াড় লাল কার্ড দেখায় ম্যাচের শেষ ভাগে ১০ জন নিয়ে খেলতে হয় গেতাফেকে।

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন সিমিওনে। তার অধীনে আটটি শিরোপা জিতেছে দলটি। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ এবং দুটি উয়েফা সুপার কাপ ও একটি স্প্যানিশ সুপার কাপ।

দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যে আতলেতিকোকে স্পেনের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছেন ৫৬ বছর বয়সী এই কোচ। তার অধীনে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছে দলটি।

রেকর্ড গড়ার পর সিমিওনে জানান, এই অর্জন শুধু তার একার নয়। এর পেছনে খেলোয়াড়, ক্লাব, সমর্থক ও কোচিং স্টাফের সম্মিলিত অবদান রয়েছে।