বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর খেলতে চান না জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দ্রুতগতির ফুটবলের অভিজ্ঞতা নিতে দেশের বাইরে অন্য কোনও লিগে খেলতে চান তিনি। এরই মধ্যে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ক্লাবগুলোতে খেলার চেষ্টা করছেন তার এজেন্ট। তবে পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। সুকির এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াতে চায় না তার বর্তমান ক্লাব ফর্টিস এফসি।
সোমবার (২৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সুকি। জাপানি ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, উচ্চমানের লিগে খেলতে চান। জাতীয় দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স করতে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতেই অন্য লিগে যেতে আগ্রহী তিনি।
সুকির ভাষায়, ‘উচ্চমানের লিগে ফুটবল খেলার ইচ্ছা আমারও আছে। জাতীয় দলের হয়ে ভালো করতে, উজ্জ্বল হতে অন্য কোনও লিগে নিজেকে আরও উন্নত করতে চাই। এরপর বাংলাদেশ জাতীয় দলের হয়ে আবারও জয় উপহার দিতে কঠোর পরিশ্রম করতে চাই।’
বাংলাদেশ জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়েও ইতিবাচক সুকি। সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন, আবারও জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। বাংলাদেশের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, ‘এটাই আমার দেশ।’
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারার আক্ষেপও রয়েছে তার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়ার সিদ্ধান্তের পেছনে দেশের ফুটবল কিংবা ক্লাব নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করেননি সুকি। বরং বাংলাদেশকে ভালো দেশ উল্লেখ করে জানিয়েছেন, নতুন লিগের সন্ধানে রয়েছেন তিনি। তার এজেন্টও সম্ভাব্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
শাহীন বলেন, ‘ও আমাকে বলেছে, একটু ফাস্ট ফুটবল খেলতে চায়। আমাদের চেয়ে ভালো মানের ফুটবল হয়, এমন কোনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে যেতে চায়। সেখানে খেলে নিজেকে আরও উন্নত করে শক্তভাবে আবার বাংলাদেশে ফিরতে চায়। তার এজেন্ট থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ায় চেষ্টা করছে।’
সুকির সঙ্গে ফর্টিসের এক বছরের চুক্তি রয়েছে। চুক্তির কারণে চাইলে তাকে আটকে রাখার সুযোগ ছিল ক্লাবটির। কিন্তু জাতীয় দলের স্বার্থ বিবেচনায় নিয়ে সেই পথে হাঁটতে চায় না ফর্টিস। বরং দেশের ফুটবলারদের বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছে তারা।
শাহীন বলেন, ‘আমরা ফর্টিস শুরু থেকেই একটা বিষয়কে গুরুত্ব দিয়ে আসছি, জাতীয় দল ভালো করলে আমরাও ভালো। দিনশেষে আমাদের সাফল্য এটাই। সুকি একজন তরুণ দেশি ফুটবলার। তার বাইরে খেলার সুযোগ থাকলে ফর্টিস শতভাগ সমর্থন দেবে। অবশ্যই তাকে রিলিজ দেবো, যাতে সে সেখানে ভালো খেলে দেশে ফিরে আমাদের ফুটবলকে আরও কিছু দিতে পারে।’
তবে বিদেশি ক্লাবের কোনও আনুষ্ঠানিক প্রস্তাব এখনও দেখেনি ফর্টিস। সুকি নিজেই প্রস্তাবের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন শাহীন। তার বিশ্বাস, একজন পেশাদার ফুটবলার নিজের ক্যারিয়ার নিয়ে এমন সিদ্ধান্ত হুট করে নেবেন না।
সুকির বাংলাদেশ লিগের মান নিয়ে অসন্তুষ্টি আছে কি না, এমন প্রশ্নে শাহীন জানান, তার সঙ্গে এ ধরনের কোনও আলোচনা হয়নি। তিনি বলেন, ‘কে কী বলছে জানি না। এটা হতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সঙ্গে এ নিয়ে কথা হয়নি। সে আমাকে বলেছে, ভালো একটা অফার আছে এবং দেশের বাইরে খেলতে চায়। শুধু সুকি নয়, আমার ক্লাবের অন্য কোনও দেশি ফুটবলারও যদি বিদেশের ভালো লিগে খেলার সুযোগ পায়, আমি তাকে ছেড়ে দেবো।’
এদিকে লিগের প্রথম পর্ব শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্তকে অপেশাদার আচরণ হিসেবে দেখার প্রশ্নও উঠেছে। কারণ, সুকির পরবর্তী গন্তব্য এখনও নিশ্চিত নয়। তবে ক্লাবের অবস্থান পরিষ্কার করেছেন শাহীন। তার মতে, চুক্তি থাকলেও কোনও ফুটবলারকে জোর করে আটকে রাখার পক্ষপাতী নয় ফর্টিস।
তিনি বলেন, ‘আমি এবার একটা ভালো দল গড়ছি। সুকি চলে গেলে আমার কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু সে যদি আমাদের দেশের চেয়ে ভালো কোনও লিগে খেলার সুযোগ পায়, তাহলে আমি চাই সে যাক। চুক্তির মারপ্যাঁচে ফর্টিসের জন্য কোনও খেলোয়াড় আটকে থাকুক, সেটা আমরা চাই না।’
অবশ্য চুক্তির মাঝপথে কোনও খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্লাবের ওপরই নির্ভর করছে।