বাংলাদেশ ফুটবল লিগে আর খেলতে চান না ফর্টিস এফসির জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। আরও উন্নত প্রতিযোগিতায় খেলার লক্ষ্য নিয়ে এবার থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার লিগে পাড়ি জমাতে চান তিনি। তাই ডিসেম্বর থেকে ক্লাব ছাড়ার আগ্রহ জানিয়ে ইতোমধ্যে ফর্টিস এফসির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন এই ফরোয়ার্ড।
শুকির আবেদন দুই দিন আগেই পেয়েছে ফর্টিস কর্তৃপক্ষ। বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ক্লাব। তবে তার ভবিষ্যতের কথা বিবেচনা করে ইতিবাচক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।
ফর্টিস এফসির ক্লাব ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুকি আরও উন্নত লিগে খেলতে চেয়ে অব্যাহতি চেয়েছে। আমরা খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে তা মেনে নিচ্ছি। ডিসেম্বর থেকে তার সঙ্গে চুক্তি ছিন্ন হতে পারে।’
২২ বছর বয়সী এই উইঙ্গারের বাংলাদেশে আসার গল্পটাও বেশ কৌতুহলোদ্দীপক। জাপানে জন্ম ও বেড়ে ওঠা শুকির বাবা আতাউর রহমান বাংলাদেশের নারায়ণগঞ্জের মানুষ, মা জাপানি। জাপানের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে ২০২৬ সালে বাংলাদেশের ফুটবলে নাম লেখান তিনি। এর আগে খেলেছেন জাপানের টোকিও ২৩ এফসি ও ব্রিউ সাগায়। চলতি বছরের শুরুতে লাওসের শীর্ষ লিগের ক্লাব সাভান্নাখেত জিলোসেও যোগ দিয়েছিলেন। তবে সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি।
ফর্টিসে যোগ দেওয়ার পেছনে বড় কারণ ছিল বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণও হয়েছে তার। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে শুকির। এরপর জাতীয় দলের আক্রমণভাগেও নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন।
জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ফর্টিসের হয়েও এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নেমেছেন এই উইঙ্গার। দুই উইংয়ে খেলতে পারা শুকির মূল শক্তি গতি, ড্রিবলিং ও ক্রসিং। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তার পথচলা দীর্ঘ হচ্ছে না। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নিজেকে এগিয়ে নিতে এবার থাইল্যান্ড বা অন্য দেশের লিগে খেলার পরিকল্পনা করছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই ফর্টিসের সঙ্গে সম্পর্কের ইতি ঘটবে। তাতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শুকির অধ্যায় শেষ হচ্ছে!
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি!