‘আমাকে শেষ বলে দেওয়া মানুষদের জন্য এই গোল’

ঘরোয়া ফুটবলে দুর্দান্ত এক গোল করে নিন্দুকদের জবাব দিতে সামাজিক মাধ্যমকে বেছে নিয়েছেন শেখ মোরসালিন। নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা, বারবার সমালোচনা এবং সুযোগ পেলেই অপদস্থ করার চেষ্টা করা মানুষদের উদ্দেশে গোলটি উৎসর্গ করেছেন তিনি। আবাহনীর হয়ে দুর্দান্ত এক গোল করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজের আত্মবিশ্বাস ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথাই তুলে ধরেছেন এই ফুটবলার।

মঙ্গলবার আবাহনীর হয়ে গোল করার পর মোরসালিন লিখেছেন, ‘যারা আমাকে শেষ বলে দিয়েছিল, আমার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং প্রতিটি সুযোগে আমাকে অপদস্থ করেছে, এই গোলটি তাদের সবার জন্য উৎসর্গ করছি। আমি কখনো নিজের ওপর বিশ্বাস হারাইনি। আল্লাহর রহমতে সবকিছুই সম্ভব। আলহামদুলিল্লাহ! এই গল্পের এখনো অনেকটা বাকি।’

কঠিন সময়েও নিজের ওপর বিশ্বাস হারাননি মোরসালিন। সমালোচনা ও অপমানের জবাব মাঠের পারফরম্যান্স দিয়েই দিতে চান তিনি। পোস্টের শেষ কথাটিও যেন সেই প্রত্যয়েরই প্রতিধ্বনি- এখনো অনেকটা পথ বাকি।