আদালতের রায়ে চ্যাম্পিয়ন সেনেগালই

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ সালের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় আবারও চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি। মাঠের লড়াইয়ে মরক্কোকে হারিয়ে যে শিরোপা জিতেছিল সেনেগাল, প্রায় দুই মাস পর তা কেড়ে নেওয়া হয়েছিল।

গত জানুয়ারিতে স্বাগতিক মরক্কোর বিপক্ষে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা। পরে তারা মাঠে ফিরে এলে খেলা আবার শুরু হয় এবং ম্যাচ শেষ হয় সেনেগালের জয়ে।

কিন্তু প্রায় দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড প্রতিযোগিতার নিয়ম ভঙ্গের অভিযোগে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ সিএএসে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

গত ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুসানে তিন সদস্যের প্যানেল রুদ্ধদ্বার শুনানিতে সেনেগালের আপিলের বিষয়টি পর্যালোচনা করে। এবার তাদের রায়ে আগের সিদ্ধান্ত বাতিল হয়েছে। ফলে ফাইনালের ফল বহাল থাকছে এবং ২০২৫ সালের আফকন চ্যাম্পিয়ন হিসেবে সেনেগালের নামই চূড়ান্ত হলো।

সিএএসের পর্যবেক্ষণে বলা হয়েছে, ম্যাচ চালিয়ে যাওয়া বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ছিল রেফারির। রেফারি জ্যঁ-জ্যাক এনদালা খেলা পুনরায় শুরুর বাঁশি বাজানোর মাধ্যমে বুঝিয়েছিলেন, ম্যাচ চালিয়ে যাওয়ার শর্ত পূরণ হয়েছে। কারণ, দুই দলই তখন মাঠে ফিরে এসেছিল এবং আবার খেলা শুরু করতে সম্মতি জানিয়েছিল।