আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও উন্নয়ন মডেল বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক সংস্থা ‘এএফএ ইন্টারন্যাশনাল’। খেলোয়াড় তৈরি, কোচিং শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে পরিচালিত এই সংস্থার কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এএফএ ইন্টারন্যাশনালের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী টিটু এবং এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল।
উপস্থাপনায় জানানো হয়, বর্তমানে পাঁচটি মহাদেশের ১৪টি স্থানে কার্যক্রম পরিচালনা করছে এএফএ ইন্টারন্যাশনাল। এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন পাঁচ হাজারের বেশি খেলোয়াড় ও ২০০ জনের বেশি কোচ। এ পর্যন্ত ৯০টিরও বেশি কার্যক্রম আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের উন্নয়ন দর্শনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে তাদের প্রশিক্ষণ পদ্ধতি। এতে সৃজনশীলতা, খেলোয়াড়ের ব্যক্তিত্ব, কারিগরি দক্ষতা ও ফুটবলের প্রতি নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এএফএ ইন্টারন্যাশনালের প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল, একাডেমি, ফুটবল ক্লিনিক ও আন্তর্জাতিক ক্যাম্প পরিচালিত হচ্ছে।
তবে শুধু প্রশিক্ষণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয় এএফএর এই উদ্যোগ। প্রতিভা অন্বেষণ ও ট্রায়াল, আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট, স্পোর্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ফুটবলভিত্তিক পর্যটনও রয়েছে তাদের কর্মপরিকল্পনায়। পাশাপাশি বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরিতে সম্মেলন ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজন করা হয়।
আর্জেন্টিনার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, তরুণ প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলভিত্তিক সহযোগিতা বাড়ানোই এএফএ ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য।