দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্পন্সরশিপের অর্থ। সেই টাকা আদায়ে এবার উদ্যোগী হয়েছে ফেডারেশনের নির্বাহী কমিটি। বকেয়া অর্থ আদায়ের প্রক্রিয়া এগিয়ে নিতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি টাকা দিতে রাজি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বাফুফে।
বুধবার নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশন পাবে, ওটা স্পন্সর মানি। সেই টাকাটা যাতে অতি সহসা পেতে পারি, সে জন্য আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি।’
সভায় বাফুফের অভ্যন্তরীণ অডিট কমিটির পর্যবেক্ষণেও বিষয়টি উঠে আসে। এ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান বাফুফের আরেক সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। তার ভাষ্য, দুই পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সমঝোতার মাধ্যমে দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবে ফেডারেশন।
প্রতিষ্ঠান দুটি বাফুফের বিভিন্ন কমিটির সঙ্গেও যুক্ত এমন প্রশ্নে স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে আসে। তবে জাহেদী দাবি করেন, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তার সঙ্গে কোনো স্বার্থের সংঘাত নেই। ফলে ফেডারেশনের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই।
নারী লিগে ১০ থেকে ১২ দল
নারী ফুটবল লিগ আয়োজনের এজেন্ডাও অনুমোদন করেছে নির্বাহী কমিটি। তবে লিগ শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। দলসংখ্যা নিয়ে বাবু বলেন, ‘আমাদের চিন্তা ১০টার নিচে দল আমরা করতে পারব না। হয়তো ১০টা হবে, আইদার ১২টা হবে।’
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে দলগুলোর বিষয়ে যাচাই-বাছাই করা হবে। বাবু জানান, যাচাই শেষে বিষয়টি ফেডারেশনের কাছে এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নারী লিগসহ সব আয়োজন ফিফার নিয়ম মেনেই পরিচালনা করা হবে।
ফেব্রুয়ারিতে বাফুফের কংগ্রেস
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ বাফুফের কংগ্রেস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই কংগ্রেসে কাউন্সিলরদের পাশাপাশি রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
কংগ্রেসে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যেসব অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট সম্পন্ন হবে, সেগুলো উপস্থাপন করা হবে বলে জানান জাহেদী।
সাদের চিকিৎসার সব ব্যয় বহন করবে বাফুফে
জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পাওয়া এই ফুটবলারের চিকিৎসা, অস্ত্রোপচার, হোটেলে থাকা ও যাতায়াতের খরচ বহন করবে ফেডারেশন। প্রয়োজন হলে তাঁকে বিজনেস ক্লাসে বিদেশে নেওয়ার ব্যবস্থাও করা হবে।
বাবু জানান, ফিফার কাছ থেকে কোনো সহায়তা পাওয়া গেলে সেটি আলাদা বিষয়। চিকিৎসার খরচে ফিফার সহায়তার বাইরে যা প্রয়োজন হবে, ফেডারেশন তা বহন করবে।
জাহেদী বলেন, ‘সাদ আমাদের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। খেলতে গিয়ে সে ইনজুরড হয়েছে। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ফিফা সাপোর্ট দেবে; এর অতিরিক্ত যদি কিছু লাগে, সেটা ফেডারেশন বহন করবে।’
কক্সবাজারের টেকনিক্যাল সেন্টারের দায়িত্ব বুয়েটকে
কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। যাচাইয়ের কাজ শেষ হওয়ার আগে প্রকল্পের বাজেট নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানান জাহেদী। টেকনিক্যাল সেন্টারটি বুঝে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এদিকে সিলেটে হাইব্রিড মাঠ নির্মাণের প্রস্তুতিও চলছে। মাঠের জন্য প্রয়োজনীয় বীজ ও কৃষি-সংক্রান্ত কিছু বিষয়ে কারিগরি ছাড়পত্র পেতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। এরপরই সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সিলেটের পর পর্যায়ক্রমে দেশের অন্য জায়গাতেও হাইব্রিড মাঠ করার পরিকল্পনার কথা জানান জাহেদী।
মিডিয়া সেন্টার শিগগিরই চালু
বাফুফের মিডিয়া সেন্টারও শিগগির চালু করার কথা জানিয়েছেন জাহেদী। তাঁর আশা, পরবর্তী নির্বাহী কমিটির সভা সেখানে আয়োজন করা সম্ভব হবে।
শোক প্রস্তাব ও সাফল্যের স্বীকৃতি
সভায় সাবেক বাফুফে সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার বুলবুলের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। গুরুতর অসুস্থ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তোফা নামে অসুস্থ আরেক ব্যক্তির সুস্থতার জন্যও দোয়া চাওয়া হয়।
এ বছর ফুটসালে দুটি শিরোপা জেতা নারী দল এবং অনূর্ধ্ব-১৫ দলের সাফল্যের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে নির্বাহী কমিটি। অনূর্ধ্ব-১৫ দলের কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিমকেও অভিনন্দন জানানো হয়েছে।
এএফসি পুরস্কারে কৃতজ্ঞতা
এএফসির দুটি পুরস্কার পাওয়ার পর প্রথম নির্বাহী কমিটির সভায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে। দেশের ফুটবলের উন্নয়নে কাজ করা নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন কমিটি, সাংবাদিক, ফুটবলপ্রেমী, ক্রীড়া মন্ত্রণালয় ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পুরস্কার গ্রহণ করতে যাওয়া নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ফিফা সভাপতি নিজে তাঁর কাঁধে হাত রেখে অভিনন্দন জানানোর মুহূর্তটি ছিল আবেগের। বাংলাদেশের ফুটবলের জন্য এটি বড় অর্জন বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদী জানান, এক বছরে দুটি এএফসি পুরস্কার পাওয়ার নজির রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী বাফুফে।