এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অ্যাওয়ার্ডসে এবার জোড়া স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গ্রাসরুটস ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার জেতার পাশাপাশি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার বিভাগেও স্বীকৃতি পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এই সাফল্যে উচ্ছ্বসিত বাফুফে। তবে স্বীকৃতির আনন্দের পাশাপাশি ভবিষ্যতের ফুটবল উন্নয়ন নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে তারা।
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মনে করেন, তৃণমূল ফুটবলের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তিনটি বিষয়ে। দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, তাদের দীর্ঘমেয়াদি ক্যাম্পে রেখে প্রশিক্ষণ দেওয়া এবং কোচিং ও সাপোর্ট স্টাফের মান বাড়ানো। এই তিনটি জায়গায় উন্নতি করতে পারলে বয়সভিত্তিক ফুটবলে আগামীতে আরও ভালো ফল পাওয়া সম্ভব বলে বিশ্বাস তাঁর।
বৃহস্পতিবার এএফসি অ্যাওয়ার্ডসে বাফুফের সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাহেদী বলেন, ‘আমাদের প্রপার স্কাউটিং করতে হবে দেশব্যাপী, যেখানে ট্যালেন্ট আছে নিয়ে আসতে হবে। তাদের এক জায়গায় রেখে ন্যূনতম তিন মাসের ক্যাম্প করতে হবে। ক্যাম্পের মধ্যে প্রপার ট্রেনিং নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আমাদের কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফদের শক্তিশালী করতে হবে। এই তিনটি জিনিস করতে পারলে আগামীতে সাফ কেন, আমরা আরও অনেক ভালো কিছু করতে পারবো। বয়সভিত্তিক ফুটবলে ভালো করার পেছনে দীর্ঘমেয়াদি প্রস্তুতির বড় ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘পাঁচ জায়গা থেকে ১২ জন খেলোয়াড় নিয়ে এলেই হবে না, তাদের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। আমরা শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে দুই-তিন মাসের ক্যাম্প করাতে পারছি। যাদের তিন-সাড়ে তিন মাস রাখছি, তাদের মাঝখানে ৭-১০ দিনের ছুটি দিয়ে আবার ক্যাম্পে ফেরাচ্ছি। আমার কাছে মনে হয়েছে, এই ধারাবাহিক প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ।’
তবে শুধু খেলোয়াড়দের প্রশিক্ষণ দিলেই হবে না, কোচিংয়ের মান বাড়ানোও জরুরি বলে মনে করেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। তার ভাষায়, দেশে প্রো-লাইসেন্সধারী কোচের সংখ্যা খুবই কম। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কারিকুলাম ও মূল্যায়ন প্রক্রিয়ার অভাবে অনেকে লাইসেন্স পাচ্ছেন না। এ জায়গায় জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দুই বছরের মধ্যে লিগ চালুর আশা
তৃণমূল ফুটবলের উন্নয়নে একাডেমির পাশাপাশি প্রতিযোগিতামূলক লিগ চালুর ওপরও গুরুত্ব দিয়েছেন জাহেদী। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাইওনিয়ার লিগ কবে চালু হবে, এমন প্রশ্নে তিনি জানান, শুধু পাইওনিয়ার লিগ নয়, জেলা পর্যায় থেকে শুরু করে স্কুল ফুটবল, বয়সভিত্তিক লিগ এবং প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবলও চালু করা প্রয়োজন।
বাফুফের এই কর্মকর্তা বলেন, ‘আমরা সারা দেশে প্রায় ৩০০টি ছোট-বড় একাডেমি তালিকাভুক্ত করেছি। এর মধ্যে ১৭টিকে ডাবল স্টার হিসেবে চিহ্নিত করেছি। অর্থাৎ তাদের মোটামুটি ভালো সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু একাডেমিতে বাচ্চারা যতই প্রশিক্ষণ পাক, লিগ না খেললে খেলোয়াড়দের ম্যাচিউরিটি আসে না। যারা স্কাউটিং করেন, তারাও পারফরম্যান্স ঠিকমতো মূল্যায়ন করতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্কুল ফুটবল আবার চালু করতে হবে। জেলা পর্যায়ে বয়সভিত্তিক ও জেলা লিগ চালু করতে হবে। এরপর কেন্দ্রীয় পর্যায়ে পাইওনিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ দ্রুত চালু করা প্রয়োজন। বিষয়টি ফেডারেশনে আলোচিত হচ্ছে। আশা করি, আগামী দুই বছরের মধ্যে আমরা এগুলো গুছিয়ে নিতে পারবো।’
বড় বাধা অবকাঠামো
এএফসির স্বীকৃতি পেলেও বাংলাদেশের ফুটবল উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অবকাঠামো সংকটকে দেখছেন জাহেদী। বিশেষ করে ঢাকায় পর্যাপ্ত মাঠ না থাকায় জাতীয় দল, বয়সভিত্তিক দল ও ক্লাবগুলোকে নিয়মিত অনুশীলন এবং খেলার মাঠ খুঁজতে হয়।
তিনি বলেন, ‘আমাদের মাঠের খুব অভাব, বিশেষ করে ঢাকায়। জাতীয় দলের ক্যাম্প করার জন্য ডেডিকেটেড মাঠ খুঁজে বেড়াতে হয়। লিগ আয়োজনের সময়ও ঢাকার ভেতরে কিংবা বাইরে মাঠ খুঁজতে হয়। এতে ক্লাবগুলোর লজিস্টিক্যালি অনেক সমস্যা হয়।’
বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্প আয়োজনেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ কারণে শামসুল হুদা ফুটবল একাডেমির ওপর বেশি নির্ভর করতে হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও (বিকেএসপি) সহযোগিতা করছে।
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জাহেদী। কক্সবাজারের রামুতে বাফুফেকে দেওয়া জমিতে বড় পরিসরে ফুটবল কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এ ক্ষেত্রে ফিফার সহযোগিতাও পাওয়ার আশা করছেন তিনি।
কমলাপুরের মাঠ ব্যবহার বাড়বে
কমলাপুরে ফুটবল একাডেমির জন্য পাওয়া মাঠটি ইতোমধ্যে ব্যবহার করছে বাফুফে। তবে সেখানকার হোস্টেলে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন জাহেদী। তার মতে, পাশের সড়কে সারা রাত ট্রাক চলাচলের শব্দে খেলোয়াড়দের ঘুম ও বিশ্রামে ব্যাঘাত ঘটে।
এ বিষয়ে তিনি বলেন, ‘কঠোর প্র্যাকটিসের পর ফুটবলারদের বিশ্রাম ও ঘুম খুব জরুরি। কিন্তু সেখানে বাচ্চারা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। আমরা ভাবছি, সাউন্ডপ্রুফ গ্লাসের ব্যবস্থা করা যায় কি না, অথবা আশপাশে কোথাও হোস্টেল স্থানান্তর করে মাঠটি ব্যবহার করা যায় কি না। আগামী এক-দুই মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত করবো।’
দেশি কোচদের ওপর বাড়তি গুরুত্ব
বয়সভিত্তিক ফুটবলে ভবিষ্যতে দেশি কোচদের বেশি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে প্রয়োজনীয় সংখ্যায় অভিজ্ঞ কোচ না থাকায় বিদেশি কোচের ওপরও নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছেন জাহেদী।
তিনি বলেন, ‘কোচিং কিংবা খেলোয়াড়ের ক্ষেত্রে আমি দেশি-বিদেশি খুব একটা পার্থক্য করতে চাই না। আমাদের দেশে কোচ আছেন, কিন্তু সংখ্যায় অনেক কম। জাতীয় দল, নারী দল ও বয়সভিত্তিক দলগুলোর জন্য সাত-আট জন অভিজ্ঞ হেড কোচ খুঁজে বের করা কঠিন।’
জাপানের ইমাবারি ফুটবল একাডেমির সঙ্গে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির সমঝোতা স্মারককে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
এএফসির স্বীকৃতিতে বাড়তি অনুপ্রেরণা
এবার এএফসি অ্যাওয়ার্ডসে বাফুফে মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ারের রুবি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। পাশাপাশি গ্রাসরুটস ফুটবলে এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের সিলভার ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। গত বছর এই বিভাগে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।
জাহেদীর মতে, আগের বছরের তুলনায় ফুটবলের উন্নয়ন কার্যক্রমে অগ্রগতি হওয়ায় এবার সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘এএফসি মূলত দেখে আগের বছরের তুলনায় একটি দেশের ফুটবল উন্নয়নের কার্যক্রম কতটা এগিয়েছে। তাদের কাছে নিশ্চয়ই মনে হয়েছে, আগের বছরের তুলনায় এ বছর আমাদের পারফরম্যান্স প্রগ্রেসিভলি বেটার। এ কারণে তারা দিয়েছে।’
টানা দুই বছর গ্রাসরুটস ফুটবলে পুরস্কার পাওয়াকে প্রত্যাশার চেয়েও বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। জাহেদীর ভাষায়, একই দেশ ফেডারেশন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পাশাপাশি গ্রাসরুটস ফুটবলেও টানা দুইবার স্বীকৃতি পাওয়াটা বিশেষ আনন্দের।