বার্সেলোনায় ফেরার গুঞ্জন উড়িয়ে ফ্যাব্রেগাস যা বলেছেন

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের উত্তরসূরি হিসেবে একদিন সেস্ক ফ্যাব্রেগাসের নাম আলোচনায় আসতে পারে- এমন গুঞ্জন ছড়িয়েছে ফুটবল অঙ্গনে। তবে আপাতত সেসব ভাবনায় কান দিতে চান না স্পেনের সাবেক এই মিডফিল্ডার। কোমোর সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন তিনি। ক্লাবটির হয়ে কাজ চালিয়ে যেতে এবং নিজেকে আরও সমৃদ্ধ করতে চান ৩৯ বছর বয়সী কোচ।

আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক এই মিডফিল্ডার কোমোর দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায়। তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে ইতালিয়ান ক্লাবটি। পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইর ঠিক পেছনে থেকে তৃতীয় স্থানে রয়েছে তারা। এমন সাফল্যের পর ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের নজর কেড়েছেন ফ্যাব্রেগাস।

বুধবার এইকে এথেন্সকে ১-০ গোলে হারানোর পর বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। টিএনটি স্পোর্টস মেক্সিকোকে ফ্যাব্রেগাস বলেন, ‘অবশ্যই আমি বার্সেলোনার মানুষ। ওই ক্লাবেই আমার বেড়ে ওঠা, সেখানকার সবাইকে চিনি। তবে দিন শেষে প্রতিটি দিনকে তার মতো করে নিতে হয়।’

এরপর নিজের জীবনদর্শনের কথাও তুলে ধরেন তিনি, ‘যখনই অনেক দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবার চেষ্টা করেছি, তখনই তা ভালো হয়নি। আমি এমন একজন মানুষ, যে প্রতিটি দিনকে আলাদাভাবে উপভোগ করতে চায়। জীবনে আমরা যেন বিমানের পাইলট। কখন গতি কমে যাবে, তা কেউ জানে না। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করা উচিত।’

২০২৮ সালের জুন পর্যন্ত কোমোর সঙ্গে চুক্তি রয়েছে ফ্যাব্রেগাসের। তবে তার চুক্তিতে একটি বিশেষ শর্ত আছে বলে খবর, যেখানে সামান্য ক্ষতিপূরণ দিয়েই বার্সেলোনা, চেলসি কিংবা আর্সেনালে যাওয়ার সুযোগ রয়েছে তার।

ভবিষ্যৎ নিয়ে আলোচনা এড়িয়ে আপাতত বর্তমানেই মনোযোগ দিতে চান ফ্যাব্রেগাস। তার ভাষায়, ‘আমি প্রতিদিনের কাজেই মনোযোগ দেই। কারণ ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে সাধারণত কোনো লাভ হয় না। কোমোর মতো বেড়ে ওঠা একটি ক্লাবের কোচ হওয়ার প্রতিযোগিতা ও চাহিদা উপভোগ করার চেষ্টা করছি। আমার অনেক দায়িত্ব রয়েছে। এই ক্লাবের সঙ্গে এবং সর্বোপরি নিজের কাজে আরও উন্নতি করতে চাই।’

খেলোয়াড়ি জীবনের শেষ দিকে ২০২২-২৩ মৌসুমে কোমোর হয়ে খেলেছিলেন ফ্যাব্রেগাস। এরপর ফুটবলকে বিদায় জানান। পরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ২০২৪ সালের মে মাসে দলটিকে ইতালির শীর্ষ লিগে তুলে আনেন তিনি। ছয় মৌসুমে এটি ছিল কোমোর তৃতীয়বারের মতো লিগে উন্নীত হওয়া।

গত মৌসুমে সিরি আ-তে চতুর্থ হয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে কোমো। চলতি আসরেও দুর্দান্ত ছন্দে তারা। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া এবং লেন্সকে ৯-১ গোলে বিধ্বস্ত করার মতো বড় জয়ও রয়েছে।

আগামী ২৭ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হবে ফ্যাব্রেগাসের কোমো। সাবেক ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ ঘিরেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।