চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা কাতালান ক্লাবটি আগের দুই আসরেও যথাক্রমে পঞ্চম ও দ্বিতীয় হয়েছিল। এবারও ভালো অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করার পথে হানসি ফ্লিকের দল। বুধবার রাতে আজারবাইজানের ক্লাব সাবাহর মুখোমুখি হবে তারা।
সর্বশেষ ম্যাচে ন্যু ক্যাম্পে প্রবল বৃষ্টির মধ্যে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। পরে জোড়া গোল করেন রাফিনহা। এর আগে ফেইনুর্ড ও গ্যালাতাসারাইয়ের বিপক্ষেও বড় জয় পেয়েছিল তারা। তবে পার্ক দে প্রিন্সেসে পিএসজির কাছে ৪-২ গোলে হেরে যায় তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯ পয়েন্ট তাদের ঝুলিতে।
লিগ পর্বে বার্সেলোনার সামনে এখনও ম্যানচেস্টার সিটি ও কোমোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ রয়েছে। পাশাপাশি স্পোর্টিং সিপির মাঠে কঠিন পরীক্ষাও দিতে হবে তাদের। তাই যত বেশি সম্ভব পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করাই লক্ষ্য ফ্লিকের দলের।
লা লিগাতেও তিন পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে বার্সেলোনা। তবে ব্যবধানটা ধরে রাখতে তাদের লড়াই করতে হচ্ছে। গত রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতেছে বার্সা। ম্যাচের প্রথম ছয় মিনিটেই দুই গোল হজম করে তারা। এরপর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় দলটি। চলতি মৌসুমে বার্সা এরইমধ্যে ৬৫ গোল করেছে। এবার প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজারবাইজানে গিয়ে গোলসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য তাদের।
অন্যদিকে সাবাহর উত্থানও কম চমকপ্রদ নয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি গত মৌসুমে প্রথমবারের মতো আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। এরপর গ্রীষ্মে দ্য নিউ সেন্টস, কুপস, এজিএফ আরহুস ও হাপোয়েল বেয়ার শেভাকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জায়গা করে নেয় তারা।
অক্টোবরে ঘরের মাঠে স্লাভিয়া প্রাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম জয়ও তুলে নেয়। বাকুতে অনুষ্ঠিত সেই ম্যাচে গোল করেন কাহিম প্যারিস ও জয়-ল্যান্স মিকেলস।
তবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার এই পর্যায়ে বাকি ম্যাচগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি সাবাহ। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে এবং নরওয়ের স্টাভাঙ্গারে ভাইকিংয়ের কাছে একই ব্যবধানে হেরেছে তারা। তবে বাকুতে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারতে হয়েছে ২-১ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে লিগ পর্ব চালু হওয়ার পর থেকে বার্সেলোনার ২০ ম্যাচে হয়েছে ৯৭ গোল। এর মধ্যে ৬৪টি করেছে কাতালান ক্লাবটি। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে গোল হয়েছে ৪.৮৫টি। বুধবার বাকু অলিম্পিয়া স্টেডিয়ামে গোলের এই গড় আরও বাড়তে পারে।
ম্যাচটিতে বার্সেলোনা ইয়ামালকে পাচ্ছে না। গোড়ালির সামান্য চোটের কারণে আজারবাইজান সফরে দলের সঙ্গে থাকছেন না তিনি। তবে সপ্তাহ শেষে লা লিগার ম্যাচে ফিরতে পারেন এই তরুণ ফরোয়ার্ড। বার্সেলোনার সর্বশেষ ১০টি ম্যাচেই প্রতিপক্ষ মিলিয়ে গড়ে অন্তত তিনটি গোল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও তাদের সর্বশেষ ১৬ ম্যাচের ১৪টিতে ছিল আড়াইয়ের বেশি গোল।