কিরণের ‘অযোগ্য কোচ’ মন্তব্য, জবাবে বাফুফে সভাপতি যা বললেন

নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার মন্তব্যে বাফুফের অভ্যন্তরীণ মতপার্থক্যের ইঙ্গিত মিললেও সভাপতি তাবিথ আউয়াল বলছেন, তাদের মধ্যে কোনও দূরত্ব নেই। বরং পরিস্থিতির প্রয়োজনে নির্বাহী ক্ষমতাবলে কোচ নিয়োগের সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

কিরণের সঙ্গে মতপার্থক্যের বিষয়টি অস্বীকার করে তাবিথ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সভাপতি ও নারী কমিটির চেয়ারম্যানের মধ্যে দূরত্ব নেই। এটা দায়িত্বের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। নারী কমিটির চেয়ারম্যান এবং টেকনিক্যাল ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কোচের অনুপস্থিতি এবং কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় সভাপতিকে নির্বাহী ক্ষমতাবলে একটি সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’

এরিক মেয়ারকে নারী দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন বাফুফে সভাপতি। তার মতে, এই নিয়োগ দীর্ঘমেয়াদি নয়, আপাতত সিঙ্গাপুরে দুটি ম্যাচের জন্য। তাবিথ বলেন, ‘এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নিয়োগটি শুধু সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্য একটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। কোনও যথাযথ লাইসেন্সধারী কোচ মাত্র চার সপ্তাহের জন্য আসতে চাইবেন না।’

মেয়ারকে কাজ করতে হবে আগের কোচ পিটার বাটলারের দর্শন অনুসরণ করেও। সেটিও নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ বলে মনে করছেন তাবিথ। তিনি বলেন, ‘তাকে (মেয়ার) আবার পিটার বাটলারের কোচিং দর্শন অনুসরণ করেও কাজ করতে হবে। এটা বড় মাপের কোচ করবেন না। আবারও বলছি– কমিটি এবং টেকনিক্যাল ডিরেক্টর যখন কোনও কোচের নাম সুপারিশ করতে ব্যর্থ হয়েছেন, তখন আমাদের হাতে থাকা সম্পদ ও সুযোগ-সুবিধার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।

নারী দলের নিয়মিত কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার কোচিংয়ে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। সে কারণেই নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে ফেডারেশনকে। তাবিথ জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন কোচ দায়িত্ব নিতে পারেন।

বাফুফে সভাপতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি থেকে একজন নতুন কোচ দায়িত্ব গ্রহণ করবেন। আশা করছি, ততদিনে কমিটি নতুন কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে।’

এদিকে নারী জাতীয় দলের ম্যানেজার নিয়োগ নিয়েও আলোচনা রয়েছে বাফুফের ভেতরে। নির্বাহী কমিটির কয়েকজনের সমালোচনা থাকলেও আপাতত স্টাফের ওপরই আস্থা রাখছেন সভাপতি।

এ বিষয়ে তাবিথ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী ও পুরুষ উভয় জাতীয় দলের জন্য একজন করে সার্বক্ষণিক পেশাদার ম্যানেজার নিয়োগ করা। গত দুই বছরে আমরা এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম ম্যানেজার নিয়োগের চেষ্টা করেছি।’

নারী দলের ম্যানেজারের কাজের ধরন ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘নারী দলের ক্ষেত্রে অনেক প্রশাসনিক ও দাফতরিক কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে সিম কার্ডের ব্যবস্থা করা, খেলোয়াড়দের জন্য বিশেষ চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা এবং দেশে থাকা খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা। এসব কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপাতত এখন নারী দলের ম্যানেজারে একজন স্টাফ সদস্যই প্রয়োজন।’