সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

দুই প্রীতি ম্যাচে নিজেদের শক্তি ও সামর্থ্য যাচাইয়ের লক্ষ্য নিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে রবিবার সিঙ্গাপুরে পৌঁছেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সফরে আগামীকাল বিকাল ৫টায় (স্থানীয় সময়) প্রথম অনুশীলনে নামবে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নিরাপদে সিঙ্গাপুর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।

দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি কোচ এরিক মারে। নিয়মিত কোচ পিটার বাটলার অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে না পারায় এক মাসের জন্য তাকে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। বাটলার বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসাধীন।

মারিয়ার নেতৃত্বে ২৩ সদস্যের দলে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, রুপনা চাকমা ও আফঈদা খন্দকারের মতো অভিজ্ঞ ফুটবলাররা। দলে ফিরেছেন স্বপ্না রানী। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হোমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

সিঙ্গাপুরের বিপক্ষে আগের দুটি সাক্ষাতেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে সিঙ্গাপুরের মাঠে ২-০ গোলে এবং ২০২৩ সালে ঢাকায় ৩-০ গোলে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

দুটি ম্যাচের প্রথমটি ১ ডিসেম্বর বিশান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দর্শকশূন্য গ্যালারিতে। ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে জালান বেসার স্টেডিয়ামে।